দেড় মাস পরেও সরকারি পোর্টালে ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ভুল ফর্ম তুলছেন সাধারণ মহিলারা!

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন ও নতুন সরকার গঠনের দেড় মাস কেটে গেলেও খোদ নারী ও শিশুকল্যাণ দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে এখনও বহাল তবিয়তে রয়ে গেছে পূর্বতন তৃণমূল সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প। শুধু তাই নয়, সেখান থেকে অনায়াসে ডাউনলোড করা যাচ্ছে পুরনো প্রকল্পের আবেদনপত্রও। অথচ নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি মেনে চালু হওয়া ‘অন্নপূর্ণা যোজনা’-এর কোনো উল্লেখই নেই সেখানে। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে চরম বিভ্রান্তি তৈরি হয়েছে।
বিভ্রান্তির নেপথ্যে সরকারি উদাসীনতা
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর আদলে মহিলাদের আর্থিক সহায়তার জন্য ‘অন্নপূর্ণা যোজনা’ চালু করেছে। নতুন নিয়মে স্বচ্ছতার সাথে নতুন ফর্ম পূরণের প্রক্রিয়াও শুরু হয়েছে বিভিন্ন শিবিরে। কিন্তু নারী ও শিশুকল্যাণ দফতরের সরকারি পোর্টালে নতুন মন্ত্রী মালতী রাভা রায়ের নাম যুক্ত হলেও, ডিজিটাল সংস্কার করা হয়নি। সাইটে ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘কন্যাশ্রী’ ও ‘রূপশ্রী’ প্রকল্পগুলো রয়ে গেছে আগের মতোই। ফলে বহু সাধারণ মহিলা বিভ্রান্ত হয়ে ভাবছেন, পুরনো ফর্ম জমা দিলেই হয়তো নতুন প্রকল্পের টাকা মিলবে।
তৎপরতার আশ্বাস মন্ত্রী মহলে
সরকারি ওয়েবসাইটের এই চরম অব্যবস্থার খবরটি সামনে আসতেই দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায় বিস্ময় প্রকাশ করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, সরকারি ওয়েবসাইটে এই ফর্ম বা প্রকল্পের নাম থাকারই কথা নয়। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত জরুরি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। তবে প্রশাসনের এই ডিজিটাল গাফিলতির কারণে সাধারণ মানুষ যে বিভ্রান্তির শিকার হচ্ছেন, তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।