তিলোত্তমায় মুগ্ধ মোদী! কলকাতাবাসীকে নিয়ে এক্সে আবেগঘন বার্তা প্রধানমন্ত্রীর

তিলোত্তমায় মুগ্ধ মোদী! কলকাতাবাসীকে নিয়ে এক্সে আবেগঘন বার্তা প্রধানমন্ত্রীর

কলকাতা: ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে এবার খাস তিলোত্তমায় হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ভোরে কলকাতার রেড রোডে হাজার হাজার মানুষের সঙ্গে যোগাভ্যাস করেন তিনি। আর কলকাতা সফর শেষ করেই শহরবাসীর আতিথেয়তা ও নাগরিক কর্তব্যের ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ কলকাতাকে নিয়ে দিলেন এক আবেগঘন বার্তা।

কলকাতাবাসীকে নিয়ে কী লিখলেন প্রধানমন্ত্রী?

নিজের এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, “এমন চমৎকার আয়োজনের জন্য কলকাতার আমার সমস্ত ভাই-বোনেদের প্রতি আমি কৃতজ্ঞ। এই প্রাণবন্ত শহরে যোগ দিবস উদযাপন করতে পারা অত্যন্ত সম্মানের বিষয়।”

যোগ দিবসের আগে শহরজুড়ে যে সাফাই অভিযান চালানো হয়েছিল, তারও প্রশংসা করে প্রধানমন্ত্রী লেখেন, “পরিচ্ছন্নতা অভিযানটি সত্যিই অনুপ্রেরণাদায়ক। নাগরিকের কর্তব্য কীভাবে পালন করতে হয়, কলকাতার মানুষ সেই বিষয়ে গোটা দেশকে এক বড় বার্তা দিয়েছেন।”

মণীষীদের স্মরণ ও রেড রোডে যোগাভ্যাস:

শনিবার ভোর সাড়ে ৬টা নাগাদ রেড রোডে প্রায় ৩৫ হাজার মানুষের সঙ্গে যোগাসনে অংশ নেন মোদী। ভাষণের শুরুতেই বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রশংসা করে তিনি রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ এবং ঋষি অরবিন্দের মতো মণীষীদের কথা স্মরণ করেন। তিনি বলেন, “এই কলকাতা রামকৃষ্ণ পরমহংসদেবকে গোটা বিশ্বের সঙ্গে পরিচয় করিয়েছে। স্বামী বিবেকানন্দ এই বাংলা থেকেই বিদেশের মাটিতে যোগের উপকারিতা তুলে ধরেছিলেন।”

নৌবাহিনীর হাতে তিন যুদ্ধজাহাজ:

তবে শনিবারের এই সফর শুধুমাত্র যোগ দিবসের অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। রেড রোডের মেগা ইভেন্ট শেষে প্রধানমন্ত্রী সোজা চলে যান গার্ডেনরিচে (GRSE)। সেখানে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি আধুনিক যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেন তিনি। শহর ছাড়ার পর সোশ্যাল মিডিয়ায় কলকাতাকে নিয়ে প্রধানমন্ত্রীর এই প্রশংসাসূচক বার্তা রাজ্যজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *