‘লক্ষ্মী’র ফর্মেই মিলবে ‘অন্নপূর্ণা’? সরকারি ওয়েবসাইট ঘিরে চরম বিভ্রান্তি রাজ্যে!

কলকাতা: রাজ্যে পালাবদলের পর পুরনো ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর বদলে নতুন বিজেপি সরকার ‘অন্নপূর্ণা যোজনা’ চালু করলেও, তা ঘিরে সাধারণ মহিলাদের মধ্যে চরম বিভ্রান্তি তৈরি হয়েছে। সরকার গঠনের দেড় মাস পার হয়ে গেলেও, নারী ও শিশুকল্যাণ দফতরের সরকারি ওয়েবসাইটে এখনও ডাউনলোড করা যাচ্ছে সেই পুরনো ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর ফর্ম!
আর এই পুরনো ফর্ম ঘিরেই শুরু হয়েছে তুমুল ধোঁয়াশা। বহু মহিলাই ভাবছেন, ওয়েবসাইটে থাকা ওই ‘লক্ষ্মী’র ফর্ম ডাউনলোড করে জমা করলেই হয়তো নতুন সরকারের ‘অন্নপূর্ণা’ প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। এই ভুল ধারণার বশবর্তী হয়ে অনেকেই সেই ফর্ম পূরণের দিকে ঝুঁকছেন, যার জেরে তৈরি হয়েছে চরম বিশৃঙ্খলা।
কী বলছে প্রশাসন?
সরকারি ওয়েবসাইটে এহেন গুরুতর বিভ্রাট নজরে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মালতী রাভা রায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, ওয়েবসাইটে এখনও পুরনো প্রকল্পের নাম বা ফর্ম থাকার কথা নয়। কেন এমনটা ঘটল, তা দ্রুত খতিয়ে দেখে ওয়েবসাইট থেকে পুরনো ফর্ম সরিয়ে অবিলম্বে এই বিভ্রান্তি দূর করার কড়া আশ্বাস দিয়েছেন মন্ত্রী।