মা হচ্ছেন সামান্থা? নেটদুনিয়ায় চর্চার মাঝেই ভাইরাল অভিনেত্রীর ‘সেই’ মন্তব্য!

মা হচ্ছেন সামান্থা? নেটদুনিয়ায় চর্চার মাঝেই ভাইরাল অভিনেত্রীর ‘সেই’ মন্তব্য!

হায়দরাবাদ: ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চর্চায় থাকেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সম্প্রতি তাঁর নতুন ছবি ‘মা ইন্টি বাঙ্গারাম’ বক্স অফিসে ভালো ব্যবসা করলেও, নেটপাড়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তাঁর মাতৃত্বের জল্পনা। স্বামী তথা চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে একটি পারিবারিক অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হতেই এই কানাঘুষো শুরু হয়েছে। যদিও সামান্থা বা রাজ কেউই এখনও এই বিষয়ে মুখ খোলেননি।

তবে মা হওয়ার স্বপ্ন সামান্থার দীর্ঘদিনের। বহু বছর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, জীবনের একটি পর্যায়ে মা হওয়াই তাঁর সবচেয়ে বড় লক্ষ্য। ২০১৭ সালে নাগা চৈতন্যের সঙ্গে বিয়ের পর তিনি বলেছিলেন, “যেদিন আমার সন্তান হবে, সেদিন থেকে সে-ই হবে আমার গোটা পৃথিবী। আমি চাই আমার সন্তান এমন ভালোবাসা ও নিরাপত্তা পাক, যা আমি হয়তো ছোটবেলায় সব সময় পাইনি।” মা হওয়ার পর অভিনয় জগৎ নয়, সন্তানই হবে তাঁর জীবনের মূল কেন্দ্রবিন্দু, সেকথাও স্পষ্ট করেছিলেন অভিনেত্রী।

এমনকী ২০২১ সালে ‘শকুন্তলম’ ছবির প্রযোজক নীলিমা গুণাকে দ্রুত শুটিং শেষ করার অনুরোধ করেছিলেন সামান্থা। কারণ, সেই সময় তিনি পরিবার পরিকল্পনা নিয়ে গভীরভাবে ভাবছিলেন এবং কাজ থেকে বিরতি নিতে চেয়েছিলেন। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই নাগা চৈতন্যের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে যায়।

এরপর জীবনের নতুন অধ্যায় শুরু করেন দু’জনেই। নাগা চৈতন্য গাঁটছড়া বাঁধেন শোভিতা ধুলিপালার সঙ্গে, আর ২০২৫ সালের ডিসেম্বরে চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সামান্থা। বর্তমানে তাঁর মাতৃত্ব নিয়ে যে জল্পনা চলছে, তা সত্যি কি না তা সময়ই বলবে। তবে অনুরাগীদের আশা, হয়তো এবার সত্যিই সামান্থার মাতৃত্বের সেই পুরনো স্বপ্ন পূরণ হতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *