‘সুস্থ বার্ধক্যের চাবিকাঠি যোগ’! আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতায় বিশেষ শিবিরের আয়োজন

কলকাতা: “সুস্থ বার্ধক্যের জন্য যোগচর্চা” (Yoga for Healthy Ageing)— এই বিশেষ বার্তাকে সামনে রেখেই আন্তর্জাতিক যোগ দিবসে (২১ জুন) কলকাতায় আয়োজিত হল এক বিশেষ যোগ শিবির ও সচেতনতামূলক কর্মসূচি। শুক্রবার সকালে কলকাতার আয়কর আবাসন (পূর্বা) এবং ‘উৎকর্ষে আরোহণ’-এর যৌথ উদ্যোগে এই অভিনব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বর্তমানের ব্যস্ত ও যান্ত্রিক জীবনে শরীর ও মনকে সুস্থ রাখতে যোগব্যায়ামের কোনও বিকল্প নেই। বিশেষ করে বয়স্কদের শারীরিক সক্ষমতা, মানসিক প্রশান্তি এবং উন্নত জীবনযাত্রার জন্য নিয়মিত যোগচর্চা অত্যন্ত জরুরি। এদিন সকাল ৭টা থেকে শুরু হওয়া এই শিবিরে আবাসনের কর্মী, আধিকারিক থেকে শুরু করে তাঁদের পরিবারের সদস্যরাও ব্যাপক উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেন। অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে শেখানো হয় নানা ধরনের যোগাসন, প্রাণায়াম এবং ধ্যান। পাশাপাশি, সুস্থ জীবনধারা বজায় রাখার উপায় নিয়েও আলোচনা করা হয়।
‘এক পৃথিবী, এক স্বাস্থ্য’ ও বৃক্ষরোপণ:
‘উৎকর্ষে আরোহণ’-এর আহ্বায়ক অনুপম মজুমদার জানান, সমাজে সুস্থতা ও সচেতনতার প্রসার ঘটানোই তাঁদের এই উদ্যোগের মূল লক্ষ্য। মানুষ ও প্রকৃতির যে এক অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে, তা তুলে ধরতে অনুষ্ঠান শেষে প্রতীকী বৃক্ষরোপণও করা হয়। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুস্থ ও দূষণমুক্ত পৃথিবী গড়ে তোলার বার্তা দেওয়া হয় এই কর্মসূচির মাধ্যমে। পরিবেশ সংরক্ষণের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলেই।