হঠাৎ ফ্রিজ ৪৪০ কোটির ৩ অ্যাকাউন্ট! কারণ খুঁজতে হাই কোর্টে ‘কালীঘাট তৃণমূল’

কলকাতা: আচমকাই ফ্রিজ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তিনটি গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যাতে গচ্ছিত রয়েছে প্রায় ৪৪০ কোটি টাকা! কিন্তু কার নির্দেশে এবং কী কারণে এই বড়সড় পদক্ষেপ? এই জোড়া প্রশ্ন তুলেই এবার সরাসরি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল ‘কালীঘাট তৃণমূল’।
হাই কোর্টে মামলার অনুমতি:
সোমবার কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই বিষয়ে মামলার অনুমতি চান তৃণমূলের আইনজীবীরা। আদালত সেই আবেদনে সাড়া দিয়ে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। ফলে খুব শীঘ্রই এই হাই-ভোল্টেজ মামলাটির আনুষ্ঠানিক শুনানি শুরু হতে চলেছে।
কী কারণে বন্ধ হল অ্যাকাউন্ট?
সূত্রের খবর, দলের তিন অ্যাকাউন্টে থাকা ৪৪০ কোটি টাকা লেনদেনের উপর আপাতত সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানা গিয়েছে, বিধাননগর দক্ষিণ থানায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী (ঋতপন্থী) ১০ জন বিদ্রোহী তৃণমূল বিধায়কের লিখিত অভিযোগের ভিত্তিতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।
দলের অন্দরের সংঘাত ও অরূপ বিশ্বাসের চিঠি:
এই অ্যাকাউন্ট ফ্রিজ বিতর্কের সূত্রপাত হয় কয়েকদিন আগেই। দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবিতে একটি চিঠি দিয়েছিলেন। সেই চিঠিতে পূর্ণ সমর্থন জানিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক দাবি করেন, “ওই অ্যাকাউন্টে কাটমানির টাকা রয়েছে কি না কে জানে! আমি অরূপ বিশ্বাসের সঙ্গে সহমত, এর তদন্ত হওয়া উচিত।”
এই প্রেক্ষাপটেই গত শুক্রবার বিধাননগর দক্ষিণ থানায় অ্যাকাউন্ট ফ্রিজের লিখিত আর্জি জানান ১০ জন বিদ্রোহী বিধায়ক। তার ভিত্তিতেই তদন্তে নেমে অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়।
অরূপকে শোকজ ও পালটা জবাব:
এই পরিস্থিতিতে অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি তোলায় অরূপ বিশ্বাসকে শোকজ নোটিস পাঠায় কালীঘাট তৃণমূল নেতৃত্ব। তবে দমে না গিয়ে সেই চিঠির কড়া জবাব দিয়েছেন অরূপ। দলের অ্যাকাউন্টের লেনদেনের ইতিহাস নিয়ে সরব হয়ে তিনি একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন। বিশেষ করে, আগে থেকে সই করা বেশ কিছু চেক কোথায় এবং কীভাবে ব্যবহার করা হয়েছে, তা নিয়ে চরম ধন্দ প্রকাশ করেছেন দলের কোষাধ্যক্ষ। সব মিলিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঘাসফুল শিবিরের অন্দরের এই চরম ডামাডোল এবার সোজা গিয়ে পৌঁছল আদালতের দরজায়।