রাজ্যে শিল্প টানতে ৫ হাজার কোটির মেগা প্যাকেজ! বাজেটে ১৪ ‘মাস্টারপ্ল্যানে’র চমক

কলকাতা: রাজ্যে শিল্পায়ন, বিপুল বিনিয়োগ ও কর্মসংস্থানকে পাখির চোখ করে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট পেশ করল বিজেপি সরকার। সোমবার বিধানসভায় এই বাজেট পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেমিকন্ডাক্টর থেকে স্টার্ট-আপ, গ্রিন এনার্জি থেকে লজিস্টিকস— সব ক্ষেত্রেই বিনিয়োগ টানতে ১৪ দফার এক পূর্ণাঙ্গ ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা করেছে রাজ্য সরকার।
একনজরে বাজেটে শিল্পায়নের মেগা চমক:
- সেমিকন্ডাক্টর ও গ্রিন এনার্জি: দুর্গাপুরে একটি নতুন সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপনের মেগা প্রস্তাব। পাশাপাশি গ্রিন এনার্জি, বৈদ্যুতিক গাড়ি (EV) এবং সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগ টানতে ৫,০০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা।
- পাট ও কৃষি-প্রক্রিয়াকরণ: হাওড়া-হুগলির পাটশিল্প এবং দার্জিলিং-শিলিগুড়ির কৃষি-প্রক্রিয়াকরণ ক্লাস্টার ঢেলে সাজাতে ১,০০০ কোটি টাকা বরাদ্দ।
- স্টার্ট-আপে জোর: আগামী ৩ মাসের মধ্যে নতুন স্টার্ট-আপ নীতি। এর জন্য ৪০ কোটি টাকার ইনকিউবেশন ফান্ড এবং ৬০ কোটি টাকার ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড তৈরি হবে।
- ২৪ ঘণ্টা খোলা দোকান-অফিস: শর্তসাপেক্ষে রেস্তোরাঁ, দোকান, অফিস এবং লজিস্টিকস সেক্টর এবার থেকে ২৪ ঘণ্টাই খোলা রাখার প্রস্তাব।
- ডানকুনি লজিস্টিক হাব: ডানকুনিকে মাল্টি-মডাল লজিস্টিকস হাব হিসেবে গড়ে তোলা এবং ‘ডানকুনি-সুরাট’ ডেডিকেটেড ট্রেড করিডর বাস্তবায়নের উদ্যোগ।
- মেধা আকর্ষণ: আন্তর্জাতিক মানের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের রাজ্যে ফেরাতে ‘মুখ্যমন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি মেধা আকর্ষণ তহবিল’ (৫০ কোটি টাকা বরাদ্দ) গঠন।
- স্টক এক্সচেঞ্জ: বন্ধ হয়ে পড়ে থাকা ‘ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ’ পুনরায় চালুর উদ্যোগ।
‘সিন্ডিকেট’ রাজ খতম ও প্রশাসনিক সংস্কার: বিনিয়োগকারীদের সুবিধার্থে রাজ্যে ১০০ কোটি টাকা বা তার বেশি বিনিয়োগের ক্ষেত্রে পঞ্চায়েত স্তরের জটিলতা এড়াতে সিঙ্গল উইন্ডো সিস্টেম (Single Window Clearance System) চালু হচ্ছে। পুরনো ইনল্যান্ড ফিশারিজ আইন পুনর্বিবেচনা করা হবে। সবচেয়ে বড় বিষয়, ব্যবসায়ীদের কাছ থেকে তোলাবাজি ও সিন্ডিকেটের দাপট চিরতরে রুখতে কড়া নতুন আইন আনার প্রস্তাবও দেওয়া হয়েছে এবারের বাজেটে। সব মিলিয়ে, রাজ্যকে শিল্পবান্ধব করে তুলতেই এই ব্লু-প্রিন্ট।