ডবল ইঞ্জিন সরকারের বাজেটে ছক্কা! ১২০০ কোটিতে ‘ইনস্টিটিউট অফ এক্সিলেন্স’ হতে চলেছে যাদবপুর

কলকাতা: রাজ্যে পালাবদলের পর ডবল ইঞ্জিন সরকারের প্রথম বাজেটেই বাজিমাত। একদিকে কর্মসংস্থান, অন্যদিকে শিক্ষাক্ষেত্র— দুইয়েই জোর দিয়ে বিধানসভায় একের পর এক বড় ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আর এই বাজেটেই রাজ্যের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মুকুটে জুড়তে চলেছে এক নয়া পালক।
যাদবপুরের জন্য ১২০০ কোটির মেগা প্ল্যান
বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী জানান, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে একটি ‘Institute of Excellence’ বা উৎকর্ষ কেন্দ্র হিসেবে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৫ বছরে কেন্দ্র সরকারের ১ হাজার কোটি এবং রাজ্যের নিজস্ব ২০০ কোটি টাকার বিশাল তহবিলের সহায়তায় এই মেগা প্রজেক্ট বাস্তবায়িত হবে।
শিক্ষাক্ষেত্রে আরও একগুচ্ছ বড় চমক
শুধু যাদবপুর নয়, গোটা রাজ্যের শিক্ষাকাঠামো ঢেলে সাজাতে বাজেটে রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ:
- উত্তরবঙ্গে আইআইটি ও আইআইএম: উত্তরবঙ্গের শিক্ষাক্ষেত্রে বিপ্লব আনতে সেখানে নতুন আইআইটি (IIT) এবং আইআইএম (IIM) তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে।
- নবোদয় বিদ্যালয়: দক্ষিণ ২৪ পরগনা, মালদহ, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমানে নতুন নবোদয় বিদ্যালয় স্থাপনের জন্য জমি চিহ্নিত করেছে সরকার।
- কেন্দ্রীয় বিদ্যালয়: ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় দু’টি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় তৈরির জন্যও জমি দেখা হয়েছে।
যুবসমাজ ও স্টার্ট-আপের জন্য ‘উদ্যম’
রাজ্যের তরুণ প্রজন্মকে স্বনির্ভর করতে এবং ব্যবসার প্রসারেও বাজেটে বড়সড় আর্থিক অনুদানের কথা ঘোষণা করেছে সরকার:
- বাংলার উদ্যম ক্রেডিট কার্ড: স্টার্ট-আপ ও মাইক্রো উদ্যোগীদের জন্য এই বিশেষ কার্ড আনা হচ্ছে। এর মাধ্যমে প্রায় ২ লক্ষ যুবক প্রত্যেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবেন। এর মধ্যে ৫ লক্ষ টাকা দেওয়া হবে সরকারি অনুদান (গ্রান্ট) হিসেবে এবং বাকি ৫ লক্ষ টাকা মিলবে সম্পূর্ণ সুদবিহীন ঋণ হিসেবে। এই প্রকল্পে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
- পরীক্ষার্থীদের জন্য অর্থ সাহায্য: সরকারি ও সরকারপোষিত কলেজের যে সমস্ত পড়ুয়া প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের পাশে দাঁড়াতে এককালীন ৩০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার। এর জন্য বাজেটে ৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।