মহিলা কামরায় উঠলেই আড়াই হাজার টাকা ফাইন! ১ জুলাই থেকে রেলে চালু নয়া আইন

মহিলা কামরায় উঠলেই আড়াই হাজার টাকা ফাইন! ১ জুলাই থেকে রেলে চালু নয়া আইন

নয়াদিল্লি: প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াতের জন্য ট্রেনের ওপর নির্ভর করেন। যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য সুনিশ্চিত করতে এবার দেশজুড়ে একগুচ্ছ কড়া নিয়ম কার্যকর করতে চলেছে ভারতীয় রেল। আগামী ১ জুলাই থেকে দেশে লাগু হতে চলেছে “জন বিশ্বাস সংশোধনী আইন, ২০২৬” (Jan Vishwas Amendment Rules Act, 2026)।

এই নতুন আইনের অধীনে ট্রেনের নিয়ম লঙ্ঘনকারীদের জন্য জরিমানার অঙ্ক একধাক্কায় অনেকটা বাড়িয়েছে কেন্দ্র। সবচেয়ে বড় পরিবর্তন হলো, এখন থেকে স্পট ফাইন (Spot Fine) করার পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ (RPF)-কে। জরিমানা দিতে অস্বীকার করলে তৎক্ষণাৎ গ্রেপ্তার করে আদালতে পেশ করা হবে।

একনজরে রেলের নতুন জরিমানার তালিকা:

  • মহিলা কামরায় পুরুষ উঠলে: মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় কোনও পুরুষ যাত্রী উঠলে তাঁকে স্পট ফাইন হিসেবে ২,৫০০ টাকা জরিমানা দিতে হবে। বিষয়টি আদালতে গড়ালে জরিমানা ৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে। তবে ২০১৯ সালের আইন অনুযায়ী রূপান্তরকামী যাত্রীদের এই জরিমানার আওতার বাইরে রাখা হয়েছে।
  • সংরক্ষিত ও দিব্যাঙ্গ কামরা: প্রতিবন্ধী বা দিব্যাঙ্গদের জন্য নির্দিষ্ট কামরায় সাধারণ যাত্রী উঠলে ২,০০০ টাকা জরিমানা হবে। অন্যদিকে, টিকিট ছাড়া সংরক্ষিত কামরায় (Reserved Coach) প্রবেশ করলে ২,০০০ টাকা এবং অন্যের সিট ছাড়তে অস্বীকার করলে ১,০০০ টাকা জরিমানা করা হবে।
  • বিনা টিকিটে ভ্রমণ: বিনা টিকিটে যাত্রা করলে, নির্দিষ্ট দূরত্বের চেয়ে বেশি পথ গেলে বা অন্যের টিকিট ব্যবহার করলে ৫০০ টাকা জরিমানা গুনতে হবে।
  • ধূমপান ও অবৈধ হকারি: ট্রেন বা স্টেশনের ভেতরে ধূমপান করলে ২,০০০ টাকা স্পট ফাইন করা হবে। পাশাপাশি, বিনা অনুমতিতে ট্রেনে হকারি বা ভিক্ষাবৃত্তি করলেও সমপরিমাণ (২,০০০ টাকা) জরিমানা দিতে হবে।
  • বিপজ্জনক বস্তু বহন: ট্রেনের ভেতরে কোনও দাহ্য বা বিস্ফোরক পদার্থ নিয়ে উঠলে সবচেয়ে কড়া শাস্তির বিধান রাখা হয়েছে। এক্ষেত্রে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
  • রেলকর্মীদের কাজে বাধা ও সিগন্যাল ভাঙা: রেলের কর্মীদের কাজে বাধা দিলে ১,০০০ থেকে ২,০০০ টাকা এবং সিগন্যাল ভাঙলে বা বিনা অনুমতিতে রেললাইনে প্রবেশ করলে ৫০০ টাকা জরিমানা হবে।

রেল মন্ত্রকের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সাধারণ যাত্রীদের সুরক্ষার স্বার্থেই এই কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাই ট্রেনে ওঠার আগে যাত্রীদের আরও বেশি সতর্ক ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *