পাতে কি ডিম পড়বে? মিড ডে মিলের ‘ভাইরাল’ মেনু নিয়ে জল্পনা ওড়াল ইসকন

কলকাতা: স্কুলের মিড ডে মিলের দায়িত্ব ইসকনের (ISKCON) হাতে যাওয়ার পর থেকেই পড়ুয়াদের পাতে ডিম পড়বে কি না, তা নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে একটি সাপ্তাহিক মেনু, যেখানে ডিমের কোনও অস্তিত্বই নেই! তবে এই ভাইরাল মেনু নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি কাটাতে এবার সরাসরি মুখ খুলল ইসকন কর্তৃপক্ষ।
কী বলছে ইসকন?
ভাইরাল হওয়া খাবারের তালিকাটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন ইসকন কলকাতার সহ-সভাপতি এবং মুখপাত্র রাধারমণ দাস। নিজের এক্স (X) হ্যান্ডেলে তিনি স্পষ্ট ভাষায় লেখেন, “কলকাতায় মিড ডে মিলে পড়ুয়াদের কী খাওয়ানো হবে, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করা হচ্ছে বলে আমার নজরে এসেছে। তবে আমি জানিয়ে দিতে চাই, এখনও কোনও মেনু চূড়ান্ত হয়নি এবং খাবারের এই তালিকাটি আমাদের দেওয়া নয়।” তিনি আরও জানান, মেনু চূড়ান্ত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হবে। অযথা ভুল তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতেও অনুরোধ করেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মেনুতে কী ছিল?
নেটমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভুয়ো মেনুতে দাবি করা হচ্ছিল যে, পড়ুয়াদের জন্য সপ্তাহের ৬ দিনই সম্পূর্ণ নিরামিষ বরাদ্দ করা হয়েছে:
- সোমবার: ভাত ও সয়াবিন
- মঙ্গলবার: ভাত, ডাল ও আলু চোখা
- বুধবার: পোলাও ও মটর পনির
- বৃহস্পতিবার: ভাত ও কুমড়ো-চানা
- শুক্রবার: ভাত এবং মিক্স ভেজিটেবল বা কাবুলি চানা
- শনিবার: খিচুড়ির সঙ্গে পাঁপড় বা মিষ্টি
তালিকায় ডিম না থাকায় স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। তবে ইসকনের বিবৃতির পর আপাতত সেই জল্পনায় জল পড়ল।
কী বলেছেন মুখ্যমন্ত্রী?
সোমবার রাজ্য বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত কলকাতা পৌরনিগম এলাকার স্কুলগুলির মিড ডে মিলের দায়িত্ব ইসকনকে দেওয়ার কথা ঘোষণা করেন। এই পদক্ষেপকে ‘পাইলট প্রজেক্ট’ হিসেবে উল্লেখ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, “কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। খেয়ে দেখুন, খাবারের গুণমান অত্যন্ত ভালো। আপনার ইচ্ছা না হলে ‘হরেকৃষ্ণ’ বলবেন না।”