কুণালের অনুরোধে ২৪ ঘণ্টার মধ্যেই নজির! নির্মাণ শ্রমিকদের পাশে দাঁড়িয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: তারাতলা গুদাম বিপর্যয়ের পর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় নির্মাণকাজ বন্ধের যে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছিলেন, তার মানবিক দিকটি সামনে আনলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর অনুরোধের ২৪ ঘণ্টার মধ্যেই শ্রমিকদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
কী ঘটেছিল?
বৃহস্পতিবার বিধানসভায় তারাতলা দুর্ঘটনার প্রেক্ষিতে শহরের সমস্ত নির্মাণকাজ সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। প্ল্যান অডিট না হওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। এই সিদ্ধান্তের পরপরই বিধানসভার লবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। নির্মাণকাজ বন্ধ হলে দূরদূরান্ত থেকে আসা যে হাজার হাজার দিনমজুর শ্রমিকের রুটিরুজি সংকটে পড়বে, সেই মানবিক আবেদনটিই মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন তিনি।
মুখ্যমন্ত্রীর মানবিক সিদ্ধান্ত
কুণালের আর্জি গুরুত্ব দিয়ে বিবেচনা করেন মুখ্যমন্ত্রী। শুক্রবার পিডব্লুডি (PWD) টেন্টে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, “শ্রমিকরা যে বিপদে পড়তে পারেন, তা আমি বুঝতে পারছি। কেএমসি কমিশনার এবং সিপি-কে নির্দেশ দিয়েছি, বড় বিল্ডারদের মাধ্যমে এই শ্রমিকদের বিনামূল্যে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এটা কোনো লিখিত অর্ডার নয়, মানবিক দৃষ্টিভঙ্গি থেকে নেওয়া সিদ্ধান্ত।”
সোশ্যাল মিডিয়ায় কুণালের ধন্যবাদ
মুখ্যমন্ত্রীর এই দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লেখেন, “গতকাল মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলাম শ্রমিকদের দুর্দশার কথা ভেবে ব্যবস্থা নিতে। তিনি সহমত পোষণ করে তখনই বিনামূল্যে খাবারের আশ্বাস দিয়েছিলেন। আজ তিনি তা কার্যকর করলেন। জনদরদি সিদ্ধান্তের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই।”
উল্লেখ্য, নির্মাণকাজ বন্ধ হলেও শ্রমিকদের যাতে কোনো অনাহারে দিন কাটাতে না হয়, সেই দায়িত্ব বিল্ডারদের উপরেই চাপিয়েছেন মুখ্যমন্ত্রী, যা এই মুহূর্তের পরিস্থিতিতে বড় স্বস্তি হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।