সল্টলেকে বাড়ি দখল কাণ্ডে হাইকোর্টে স্বস্তি অতীন ঘোষের, মিলল জামিন আবেদনের অনুমতি

কলকাতা: সল্টলেকে জোর করে বাড়ি বিক্রি করানোর অভিযোগে অভিযুক্ত কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র তথা তৃণমূলের প্রাক্তন বিধায়ক অতীন ঘোষ। এই মামলার জেরে আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন তিনি ও তাঁর মেয়ে। অবশেষে এই ঘটনায় আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অতীন ঘোষ।
শনিবার তাঁর আইনজীবী বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলার বিষয়টি উত্থাপন করেন। বিচারপতির ডিভিশন বেঞ্চ এই জামিন মামলাটি দায়ের করার অনুমতি দিয়েছে। খুব শীঘ্রই এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, সল্টলেকে এক ব্যক্তির বাড়ি জোর করে বিক্রি করিয়ে দেওয়ার অভিযোগে অতীন ঘোষ এবং তাঁর মেয়ের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই সূত্রেই মামলা রুজু হয় তাঁদের বিরুদ্ধে। আইনি লড়াই থেকে বাঁচতে এখন প্রাক্তন ডেপুটি মেয়রের সব নজর হাইকোর্টের আগামী শুনানির দিকে।