পরমাণু বোমার চেয়েও মারাত্মক অস্ত্র ইরানের হাতে, বিস্ফোরক দাবি রাশিয়ার

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যোগ দিয়ে তেহরানে এক চাঞ্চল্যকর দাবি করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তিনি জানান, ইরানের কাছে পরমাণু বোমা না থাকলেও ‘থার্মোনিউক্লিয়ার বোমা’ রয়েছে। রুশ রাষ্ট্রনেতার মতে, বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালীই হলো ইরানের সেই আসল থার্মোনিউক্লিয়ার অস্ত্র, যা যেকোনো বিশ্বযুদ্ধে পরমাণু বোমার চেয়েও বেশি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করতে পারে।
সম্প্রতি আমেরিকা ও ইজরায়েলের হামলার জবাবে বিশ্বের ২৫ শতাংশ জ্বালানি সরবরাহের পথ এই হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। মেদভেদেভ তেহরানের এই যুদ্ধ কৌশলের তীব্র প্রশংসা করে বলেন, এই জলভাগের ওপর নিয়ন্ত্রণ ইরানকে পরমাণু অস্ত্রের চেয়েও বড় কৌশলগত শক্তি দিয়েছে। হরমুজ বন্ধ হওয়ায় বিশ্বজুড়ে তেলের দাম লাফিয়ে বাড়ে এবং আমেরিকা আলোচনায় বসতে বাধ্য হয়, যা ইরানের প্রকৃত শক্তিরই প্রমাণ।