কলকাতায় বসছে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি, আজই শিলান্যাস করতে আসছেন অমিত শাহ!
July 6, 202610:21 am

জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বিকেল ৪টেয় কলকাতা আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দর থেকে সরাসরি ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটেয় শ্রদ্ধা জানিয়ে তিনি ইকো পার্কে যাবেন। সেখানে ভারতের প্রথম শিল্প মন্ত্রীর ১২৫ ফুটের মূর্তির শিলান্যাস ও ভূমিপুজো করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর মিলন মেলায় ভাষণ দিয়ে আজই দিল্লি রওনা হবেন তিনি।
এদিকে এই জন্মদিনের ঠিক আগের দিন রবিবার গভীর রাতে কলকাতার সুকিয়া স্ট্রিটে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সেখানে যুব মোর্চার উদ্যোগে স্থাপিত শ্যামাপ্রসাদ ও গোপাল মুখোপাধ্যায়ের দুটি মূর্তির বেদিতে ভাঙচুর চালানো হয় এবং ফলক ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে মূর্তি দুটি সম্পূর্ণ অক্ষত রয়েছে বলে জানা গিয়েছে।