‘সুখেন্দু বাবু গুণী মানুষ, খারাপ নন’: বিজেপির প্রার্থী নির্বাচন নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ

‘সুখেন্দু বাবু গুণী মানুষ, খারাপ নন’: বিজেপির প্রার্থী নির্বাচন নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরেই রাজ্যসভার প্রার্থী হিসেবে সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক এবং সুখেন্দু শেখর রায়ের নাম ঘোষণা করেছে বিজেপি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা। এবার এই তিন প্রাক্তন তৃণমূল নেতার প্রার্থী হওয়া নিয়ে মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সম্প্রতি সল্টলেকের বিজেপি দপ্তরে শমীক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন এই তিন নেতা। এরপর থেকেই দলের অন্দরে একাংশ সমালোচনার মুখে পড়েছেন রাজ্য সভাপতি। এই বিষয়ে দিলীপ ঘোষ সাফ জানান, “শমীক ভট্টাচার্য একা কোনো সিদ্ধান্ত নেননি, এর পেছনে কেন্দ্রীয় নেতৃত্বের পূর্ণ সম্মতি রয়েছে। তিনি কেবল দলের নির্দেশ পালন করেছেন। তবে রাজ্যের রাজনীতির ধারার বিপরীতে যাওয়ায় তাঁকে কিছুটা সমালোচনার মুখে পড়তে হয়েছে।”

প্রার্থীদের সাফাই গেয়ে দিলীপ বাবু আরও বলেন, “কেন্দ্রীয় সরকারকে কার্যকরভাবে কাজ করতে গেলে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। যারা আগে রাজ্যসভার সাংসদ ছিলেন, তাঁরা কেবল প্রতীকের বদল ঘটিয়ে আমাদের দলে এসেছেন। সুখেন্দু শেখর রায় একজন অত্যন্ত গুণী মানুষ। সংসদে আমার সঙ্গে তাঁর বহুবার কথা হয়েছে, তাঁকে কেউ বদমাশ বলতে পারবে না।” তিনি আরও মনে করিয়ে দেন যে, সুখেন্দু বাবু অতীতে তৃণমূলের নীতির বিরোধিতা করে দল থেকে সাসপেন্ডও হয়েছিলেন।

অন্যদিকে, শনিবার রাজ্যের একটি কারখানার উদ্বোধন করতে গিয়ে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “মানুষ এই পরিবর্তনটাই তো চেয়েছিল—আইনশৃঙ্খলা ঠিক থাকবে এবং রাজ্যে শিল্প আসবে। বিজেপির ভাবমূর্তি বিনিয়োগকারীদের জন্য সহায়ক। বর্তমানে ব্যবসায়ীরা এগিয়ে আসছেন, শিল্পের জন্য এমন অনুকূল পরিবেশ গত ৫০ বছরে দেখা যায়নি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *