‘মাকে মেরে ফেলেছে বাবা, আমাকে বাঁচাও’! স্বামীর হাতে ভারতীয় বংশোদ্ভূত খুন আমেরিকায়

আমেরিকা: জর্জিয়ার লরেল ক্রিক ট্রেলের বাড়িতে পারিবারিক বিবাদের জেরে মর্মান্তিক খুনের ঘটনা। গুলিতে প্রাণ হারালেন ভারতীয় বংশোদ্ভূত গুগ্ল কর্মী শীতল জ়েরেসিয়েন। এই ঘটনায় মূল অভিযুক্ত তাঁর স্বামী কির্ক বি জ়েরেসিয়েন।
ঘটনার বিবরণ: স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাতে গুলির শব্দ পেয়ে প্রতিবেশীরা দেখেন, শীতলের ছেলে জেসন রক্তাক্ত অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে সাহায্যের জন্য চিৎকার করছেন। গুরুতর জখম অবস্থায় তিনি পাশের বাড়ির দরজায় টোকা দিয়ে আর্তনাদ করে বলেন, “মাকে মেরে ফেলেছে বাবা, আমাকে বাঁচাও!” প্রতিবেশী তাঁকে আশ্রয় দিয়ে পুলিশে খবর দেন। এরপরই পুলিশ শীতলের নিথর দেহ উদ্ধার করে এবং আহত জেসনকে হাসপাতালে ভর্তি করানো হয়।
তদন্ত ও গ্রেফতার: ঘটনার পর অভিযুক্ত স্বামী কির্ক এলাকা থেকে পালিয়ে যান। তবে বড় ধরনের তল্লাশি চালিয়ে আটলান্টার কাছে কব কাউন্টি থেকে মঙ্গলবার রাত ৮টা নাগাদ তাঁকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তাঁকে কব কাউন্টি অ্যাডাল্ট ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।
শীতল জ়েরেসিয়েন সম্পর্কে: ২০ বছর ধরে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরত শীতল জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ছিলেন। বর্তমানে তিনি গুগ্ল সংস্থায় কর্মরত ছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদের জেরেই এই নৃশংস ঘটনা ঘটেছে। তবে প্রকৃত কারণ জানতে পুলিশ অভিযুক্ত কির্ক এবং পুত্র জেসনকে জিজ্ঞাসাবাদ করছে।