কলকাতা পুরসভায় ২০০ ওয়ার্ডের পথে, শুরু হলো ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ!

কলকাতা পুরসভার বর্তমান ১৪৪টি ওয়ার্ডের গণ্ডি পেরিয়ে ২০০টি ওয়ার্ডের লক্ষ্যে এগিয়ে চলেছে রাজ্য সরকার। শহরজুড়ে জনসংখ্যা ও ভোটারের অসামঞ্জস্য দূর করে পরিষেবার মানোন্নয়ন নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই পুনর্বিন্যাসের কাজ তদারকি করতে সরকারিভাবে গঠন করা হয়েছে জোড়া কমিটি। পুরসভার স্পেশাল কমিশনার সৌম্য ভট্টাচার্যের নেতৃত্বে ১০ সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি পুরো বিষয়টি পর্যবেক্ষণ করবে। পাশাপাশি, বরোভিত্তিক পৃথক কমিটির মাধ্যমে প্রতিটি এলাকার ভোটার সংখ্যা ও বুথের তথ্য যাচাই করা হবে।
মূল লক্ষ্য হলো প্রতিটি ওয়ার্ডে গড়ে ২০ থেকে ২৫ হাজার ভোটার এবং ২৫ থেকে ৩০টি বুথ নিশ্চিত করা। বর্তমানে কিছু ওয়ার্ডে ভোটারের সংখ্যা অনেক বেশি থাকলেও অনেক ক্ষেত্রে তা অত্যন্ত কম, যা প্রশাসনিক কাজের ভারসাম্য নষ্ট করছে। তাই রাজস্ব আদায় ও জনসংখ্যার অনুপাত বিচার করে সীমানা নির্ধারণের এই প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট মহলের আশা, এই পরিবর্তনের ফলে কলকাতা পুরসভার প্রতিটি ওয়ার্ডে প্রশাসনিক পরিষেবা আরও গতিশীল ও সুষম হবে।