‘কলকাতার কালো দিন’ মুছে ১৬ অগস্ট ‘আয়ুষ্মান দিবস’ ঘোষণা করলেন শুভেন্দু

আগামী ১৬ অগস্ট রাজ্যজুড়ে পালিত হতে চলেছে ‘আয়ুষ্মান দিবস’। রবিবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় এক দলীয় সাংগঠনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি করেন। কাকতালীয়ভাবে, ওই দিনেই রাজ্যে নতুন বিজেপি সরকারের ১০০ দিন পূর্ণ হচ্ছে।
উল্লেখ্য, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার ১৬ অগস্ট দিনটিকে ‘খেলা হবে দিবস’ হিসেবে পালন করত। তবে বর্তমান সরকার সেই প্রথা বদলে দিনটিকে জনকল্যাণমুখী রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
রবিবার মেচেদায় তমলুক সাংগঠনিক জেলার বিজেপি নেতা ও কর্মীদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “১৬ অগস্ট আমাদের সরকারের ১০০ দিন পূর্ণ হচ্ছে। কিন্তু কলকাতার ইতিহাসের পাতায় এই দিনটি একটি ভয়াবহ কালো অধ্যায়। সুরাবর্দির নেতৃত্বে সেই সময়ে ‘গ্রেট ক্যালকাটা কিলিং’ বা ভয়াবহ দাঙ্গা ঘটেছিল। অথচ বিগত সরকার এই দিনটিকে ‘খেলা হবে দিবস’ হিসেবে পালন করত। আমরা সেই প্রথা ভেঙে এই দিনটিকে ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছি।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সরকার গঠনের পরপরই রাজ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ চালু করা হয়েছে। তৃণমূল জমানায় সাধারণ মানুষ এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন বলে বিজেপির অভিযোগ ছিল। তাই সরকারের ১০০ দিন পূর্তিতে ‘আয়ুষ্মান দিবস’ ঘোষণা করে বিজেপি সরকার তাদের জনমুখী ভাবমূর্তি আরও স্পষ্ট করতে চাইছে।
উল্লেখ্য, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৬ অগস্ট দিনটিকে ‘খেলা হবে দিবস’ হিসেবে উদযাপনের ঘোষণা করেছিলেন। সেই সময় রাজনৈতিক স্লোগানকে প্রশাসনিক দিবসের মর্যাদা দেওয়া নিয়ে নানা মহলে বিতর্ক তৈরি হয়েছিল। তবে বর্তমান সরকার সেই বিতর্কিত ধারার অবসান ঘটিয়ে জনকল্যাণমূলক কর্মসূচির পথেই হাঁটল।