সপ্তাহান্তে আরও বাড়বে দুর্ভোগ, জোড়া ঘূর্ণাবর্তের জেরে ভাসতে চলেছে বাংলার কোন কোন জেলা

বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্পের জেরে চলতি সপ্তাহেও উত্তর ও দক্ষিণবঙ্গজুড়ে দুর্যোগের ভ্রুকুটি বজায় থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর বাংলাদেশ এবং উত্তর-পূর্ব বিহারের ওপর দুটি পৃথক ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একই সঙ্গে হরিয়ানা থেকে আসাম পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা। এই জোড়া ফলার প্রভাবে কলকাতায় সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টি এবং ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে বেশি, যা সোমবারও একই রকম থাকবে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি বৃষ্টি চলবে।
দুর্যোগের জেরে মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, বীরভূম এবং দুই ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সমস্ত জেলাতেই সোমবার ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার জন্য হলুদ সতর্কতা থাকবে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও বুধ ও বৃহস্পতিবার তেমন সতর্কতা নেই। তবে শুক্রবার কালিম্পং ও অন্যান্য উত্তরের জেলাগুলিতে পুনরায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।