ছেলে গ্রেপ্তার হতেই বিপাকে নির্মল ঘোষ! গ্রেপ্তারির আশঙ্কায় ছুটলেন হাই কোর্ট

ভোট পরবর্তী হিংসা ও লটারি দুর্নীতি মামলায় রবিবার রাতে দক্ষিণেশ্বর থেকে গ্রেপ্তার হয়েছেন জলহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর। ছেলের গ্রেপ্তারের পর এবার পুলিশের জালে পড়ার শঙ্কায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন খোদ নির্মল ঘোষ। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তিনি আগাম জামিনের আবেদন জানান, যার শুনানি চলতি সপ্তাহেই হতে পারে। রাজ্যে পালাবদলের পর থেকেই বেপাত্তা ছিলেন এই পিতা-পুত্র।
এদিকে তীর্থঙ্করের গ্রেপ্তারিকে ঘিরে উৎসবের মেজাজ জলহাটিজুড়ে। তাঁকে আদালতে পেশ করার সময় উত্তেজিত জনতা ডিম ছুঁড়ে ক্ষোভ উগরে দেন। তৃণমূল নেতার বাড়ির সামনে ব্যান্ড বাজিয়ে উল্লাসে মাতেন স্থানীয়রা। তাঁদের হুঁশিয়ারি, ছেলের পর এবার বাবার পালা। অন্যদিকে, এই গ্রেপ্তারিতে সন্তোষ প্রকাশ করেছেন বিরোধী বিজেপি ও সিপিএম নেতৃত্ব। তাঁদের দাবি, এবার মূল মাথাকেও অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দোষীরা যেন কোনোভাবেই পার না পায়।