হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের ইউজারনেম নিয়ে কড়া কেন্দ্র! বন্ধ হবে কি এই সুবিধা?

হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের ‘ইউজারনেম’ ফিচার নিয়ে কড়া পদক্ষেপ করতে চলেছে মোদী সরকার। ফোন নম্বর গোপন রেখে ইউজারনেম দিয়ে চ্যাট করার সুবিধা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তথ্যপ্রযুক্তি মন্ত্রক। সাইবার অপরাধীরা এই সুযোগ কাজে লাগিয়ে ফিশিং বা ডিজিটাল অ্যারেস্টের মতো প্রতারণা চালাতে পারে বলে আশঙ্কা। তাই সরকারের পাঠানো নোটিসের জবাবে হোয়াটসঅ্যাপের দেওয়া ব্যাখ্যা বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে।
নম্বর আড়াল থাকলে অপরাধীদের ট্র্যাক করা কঠিন। তাই সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সমস্ত মেসেজিং প্ল্যাটফর্মের জন্য অভিন্ন নিয়ম চালু করার প্রস্তুতি নিচ্ছে। হোয়াটসঅ্যাপের দাবি, এই ফিচার ব্যবহারকারীদের গোপনীয়তা বাড়াবে এবং অ্যাকাউন্ট খুলতে ফোন নম্বর বাধ্যতামূলক থাকবে। এখন দেখার বিষয়, কেন্দ্র এই জবাবে সন্তুষ্ট হয় নাকি দেশের সুরক্ষার স্বার্থে কঠোর নির্দেশিকা আনে।