অরুণাচলে প্রকৃতির ভয়াবহ তাণ্ডব, ধস ও হড়পা বানে বিপর্যস্ত লক্ষাধিক মানুষ

টানা বৃষ্টি ও ভয়াবহ ধসে উত্তর-পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশের বন্যা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক আকার ধারণ করেছে। স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টারের রিপোর্ট অনুযায়ী, প্রাকৃতিক এই দুর্যোগে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ এবং প্রায় ১ লক্ষ মানুষ চরম সংকটে রয়েছেন। মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানে কুড়ুং কুমে জেলার পার্সি-পার্লো ও দামিন মহকুমা সম্পূর্ণ লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। বহু সেতু ও রাস্তা নদীগর্ভে বিলীন হওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। সেন্ট থমাস স্কুলসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি আবাসন ও চার্চ বন্যার জলে জলমগ্ন। আপৎকালীন পরিস্থিতি বিবেচনা করে প্রশাসন ধসপ্রবণ রাস্তায় যাতায়াতে কড়া সতর্কতা জারি করেছে।
পাক্কে কেসাং জেলায় ১৩ নম্বর জাতীয় সড়কে বিশাল ধস নামায় ইটানগর-সেপ্পা রোড বন্ধ রয়েছে। ভারত-চিন সীমান্তের স্ট্র্যাটেজিক পয়েন্ট পশ্চিম কামেং জেলায় সেলা টানেল অভিমুখী রাস্তা ধসে যাওয়ায় প্রাচীন সেলা রোড ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি পরিসংখ্যান বলছে, রাজ্যের ২৬টি জেলার ৪২৫টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৫৪১.৭৫ হেক্টর চাষের জমি সম্পূর্ণ নষ্ট হয়েছে এবং দেড় শতাধিক রাস্তা, ১৯টি বড় সেতু, পানীয় জল প্রকল্প, বিদ্যুৎ সংযোগ ও ২টি হাসপাতাল ধসে ও বন্যায় ধ্বংস হয়ে গিয়েছে। ঘরছাড়া সাধারণ মানুষকে উদ্ধারে পুলিশ ও আধা-সামরিক বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে।