আজই কি ভিজবে কলকাতা, দক্ষিণবঙ্গে জোড়া ঘূর্ণাবর্তের জেরে জারি তুমুল বৃষ্টির হাই অ্যালার্ট

বাংলাদেশ ও বিহারের উপর জোড়া ঘূর্ণাবর্ত এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সক্রিয় মৌসুমি অক্ষরেখার জেরে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ সোমবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মেঘলা আকাশ থাকবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গল ও বুধবার বৃষ্টির দাপট কিছুটা কমলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এরপর বৃহস্পতিবার রথযাত্রার দিন থেকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পুনরায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী ছয় দিনের মধ্যে প্রথম দু’দিন বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কমলেও শুক্রবার ও শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলাতে আবারও ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।