ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন, ১৭ জুলাই শুরু হচ্ছে নতুন যুগের যাত্রা

সবুজ বিপ্লবের পথে ভারত: দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের খুঁটিনাটি
ভারতীয় রেলের ইতিহাসে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হতে চলেছে। আগামী ১৭ জুলাই, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করবেন। পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার লক্ষ্যে এটি একটি মাইলফলক।
ট্রেনের রুট ও স্টপসমূহ
পাইলট প্রজেক্ট হিসেবে ট্রেনটি হরিয়ানার জিন্দ থেকে সোনিপত পর্যন্ত ৮৯ কিলোমিটার পথ পাড়ি দেবে। এই রুটে মোট ১২টি স্টেশনে থামবে ট্রেনটি—জিন্দ সিটি, পান্ডু পিন্ডারা, ললিত খেরা, ভাম্ভেবা, ইসাপুর খেরি, ভুতানা, খান্দারাই, গোহানা, রাবরা, লাট, মোহনা এবং বারওয়াসনি।
ক্ষমতা ও সক্ষমতা
ট্রেনটিতে ৬৮২টি বসার আসন রয়েছে এবং মোট প্রায় ২,৬০০ যাত্রী ভ্রমণের সুবিধা পাওয়া যাবে। ট্রেনটির নম্বর ৭৪-০১০ / ৭৪-০০৯।
পরিবেশবান্ধব প্রযুক্তি
এই ট্রেনটিতে ১২০০ কিলোওয়াট-আওয়ার ক্ষমতার ফুয়েল সেল প্রোপালসেন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। হাইড্রোজেন ও অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন বিদ্যুৎ দিয়ে ট্রেন চলে, যার ফলে কোনো ক্ষতিকারক ধোঁয়া নির্গত হয় না; শুধুমাত্র জলীয় বাষ্প তৈরি হয়।
গতিবেগ ও নিরাপত্তা
ট্রেনটি সর্বোচ্চ ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ছুটতে সক্ষম হলেও, নিরাপত্তার খাতিরে প্রাথমিকভাবে এটি ঘণ্টায় ৭৫ কিলোমিটার গতিতে চালানো হবে। আন্তর্জাতিক মানদণ্ড মেনে অত্যাধুনিক হাইড্রোজেন স্টোরেজ ট্যাঙ্ক ও জরুরি প্রোটোকল নিশ্চিত করা হয়েছে।
জার্মানি, জাপান ও আমেরিকার মতো দেশগুলোর পথ অনুসরণ করে ভারত এখন বিশ্বমঞ্চে হাইড্রোজেন ট্রেন প্রযুক্তিতে নিজেদের জায়গা করে নিল। রেলমন্ত্রকের লক্ষ্য, ভবিষ্যতে দেশের অন্যান্য নন-ইলেক্ট্রিফায়েড রুটেও এই প্রযুক্তি ছড়িয়ে দেওয়া।