শহরে মাদক ও বেআইনি মদের রমরমা ঠেকাতে কড়া লালবাজার, তৈরি পাচারকারীদের তালিকা!
July 14, 20267:59 am

বেআইনি মদ ও মাদক চক্র দমনে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। লালবাজারের নির্দেশে চলতি সপ্তাহ থেকে শহরজুড়ে শুরু হয়েছে দু’সপ্তাহের বিশেষ তল্লাশি অভিযান। প্রতিটি থানা ও গোয়েন্দা বিভাগকে এই বিষয়ে কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে। বিভিন্ন ডিভিশনের ডিসি ও ওসিদের কড়া নজরদারিতে চলা এই অভিযানের মূল লক্ষ্য সর্বাধিক মাদক উদ্ধার করা। প্রতিদিনের অভিযানের রিপোর্ট সরাসরি পুলিশ কমিশনারের কাছে পাঠানো হবে।
ইতিমধ্যেই মাদক বিক্রির স্থানগুলি চিহ্নিত করে পাচারকারীদের তালিকা তৈরির কাজ শুরু করেছে পুলিশ। এছাড়া, সরকারি ‘মানস’ পোর্টালে সাধারণ মানুষও তাদের এলাকার মাদক সংক্রান্ত অভিযোগ সরাসরি জানাতে পারবেন। প্রাপ্ত অভিযোগগুলি দ্রুত খতিয়ে দেখে কড়া ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট থানা।