৫ বছর আগের প্ল্যানেও কড়া নজরদারি! কলকাতায় নির্মাণে ছাড় পেল মাত্র ১১টি বহুতল

তারাতলা কাণ্ডের পর রাজ্যের নির্মীয়মাণ বহুতলগুলির ওপর কড়া নজরদারি শুরু করেছে প্রশাসন। নতুন সুপারিশ অনুযায়ী, তিন বছরের বদলে এবার পাঁচ বছর আগে অনুমোদিত প্ল্যানগুলিকেও কড়া অডিটের আওতায় আনা হচ্ছে। সম্প্রতি ১১ সদস্যের বিশেষ অডিট কমিটি তাদের প্রথম পর্যায়ের রিপোর্ট পেশ করেছে। পুঙ্খানুপুঙ্খ স্বাস্থ্যপরীক্ষা ও খতিয়ে দেখার পর আপাতত কলকাতার মাত্র ১১টি বহুতলকে নির্মাণকাজের চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হয়েছে।
সোমবার কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে জানান, শ্রমিকদের রেজিস্ট্রেশন ও পিএফ সংক্রান্ত নথির অভাবেই মূলত অধিকাংশ বহুতলের ছাড়পত্র আটকে দেওয়া হয়েছে। জি+৫ বা তার বেশি উচ্চতার মোট ৩৪৪টি বহুতল এই অডিটের আওতাভুক্ত ছিল। বড় ধরনের অনিয়ম মিললে অনুমোদন সরাসরি বাতিল করা হচ্ছে, তবে সামান্য ত্রুটির ক্ষেত্রে নির্মাণকারী সংস্থাগুলিকে তা দ্রুত সংশোধনের সুযোগ দিচ্ছে কর্তৃপক্ষ।