‘সব জায়গায় অযোগ্য আর চোর’, সুরুচি সংঘের পুজো কমিটি থেকে ‘বিশ্বাস ব্রাদার্স’ বিদায় হতেই তোপ দাগলেন দিলীপ

সুরুচি সংঘের দীর্ঘদিনের পুজো কমিটিতে বড়সড় রদবদল। রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাসকে সরিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। এই নতুন কমিটিতে দায়িত্ব পেয়েছেন দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার।
এই পরিবর্তন নিয়ে সরব হয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। প্রাতঃভ্রমণের সময় তিনি সরাসরি আক্রমণ করে বলেন, “এ তো সবে পরিবর্তন শুরু। ক্লাব, নার্সিংহোম থেকে শুরু করে সব জায়গায় অযোগ্য আর চোরেরা বসে আছে, তাই কাজকর্ম লাটে উঠেছে।” তাঁর দাবি, ক্লাব বা পুজোর মতো বিষয়গুলো প্রকৃত আয়োজকদের হাতেই ছেড়ে দেওয়া উচিত।
এদিকে, দায়িত্ব নিয়েই নতুন সম্পাদক সৌরভ শিকদার জানিয়েছেন, “পুজো এবার নিষ্ঠার সঙ্গে আয়োজিত হবে। আমরা সর্বজনীন ভাবধারা ফিরিয়ে আনতে চাই, যেখানে সবার অংশগ্রহণ ও মতামত থাকবে। তবে আগের কমিটির মতো শুধুমাত্র নির্দিষ্ট রাজনৈতিক দলের থিম নয়, বরং কবিগুরুর গান বা বন্দে মাতরমকেও গুরুত্ব দেওয়া হতে পারে।” আগামী ১৬ জুলাই সুরুচি সংঘের খুঁটি পুজোর দিন ধার্য করা হয়েছে।