বার্থডে পার্টি থেকে মৃত্যুপুরী! ছাদ ধসে মৃত ১০

বার্থডে পার্টি থেকে মৃত্যুপুরী! ছাদ ধসে মৃত ১০

সোমবার রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় এক ভয়াবহ মর্মান্তিক ঘটনা ঘটেছে। একটি শিশুর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে এসে ছাদ ধসে প্রাণ হারালেন অন্তত ১০ জন।

ঘটনার বিবরণ অনুযায়ী, সোমবার রাতে কোহাটের একটি বাড়িতে চলছিল জন্মদিনের উৎসব। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের ভিড়ে তখন বাড়িটি প্রাণবন্ত। বাইরে মুষলধারে বৃষ্টির মধ্যেই আচমকা বিকট শব্দে ভেঙে পড়ে বাড়ির ছাদটি। মুহূর্তের মধ্যে আনন্দঘন পরিবেশ পরিণত হয় ধ্বংসস্তূপে।

খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে শুরু হয় উদ্ধারকাজ। ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয় ১০ জনের দেহ। মৃতদের মধ্যে মহিলা ও শিশু রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। বেশ কয়েকজন আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রশাসনের প্রাথমিক ধারণা, একটানা প্রবল বর্ষণের ফলে পুরনো বাড়িটির কাঠামো দুর্বল হয়ে পড়েছিল। বর্তমানে এলাকাটিতে শোকের পরিবেশ বিরাজ করছে। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা পুরনো ও ঝুঁকিপূর্ণ বাড়িগুলো দ্রুত চিহ্নিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। বর্তমানে ধ্বংসস্তূপ সরিয়ে আর কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত করতে উদ্ধারকাজ চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *