২১ শে জুলাইয়ের প্রস্তুতি: ‘সেদিন মানুষ দেখবেন’, হুঙ্কার চন্দ্রিমা ভট্টাচার্যের

২১ শে জুলাইয়ের প্রস্তুতি: ‘সেদিন মানুষ দেখবেন’, হুঙ্কার চন্দ্রিমা ভট্টাচার্যের

কলকাতা: একুশে জুলাই শহিদ দিবস পালনের প্রস্তুতি নিয়ে জোর তৎপরতা শুরু করেছে ‘নব তৃণমূল’ শিবির। মঙ্গলবার ইএম বাইপাসের একটি হোটেলে কলকাতার প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে এক জরুরি বৈঠকে বসেন এই শিবিরের নেতৃত্ব। সেখানেই একুশে জুলাইয়ের কর্মসূচি ও কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বৈঠক শেষে তৃণমূল নেতা শান্তনু সেন জানান, সমাবেশের প্রক্রিয়া ও শৃঙ্খলা রক্ষার জন্য নির্দিষ্ট ব্যাচ তৈরি করা হয়েছে। গান্ধি মূর্তির পাদদেশেই এই সমাবেশ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ব্রিগেডের প্রসঙ্গ তুলে তিনি কটাক্ষ করে বলেন, “সেদিন লোক খুঁজতে বাইনোকুলার লাগবে।”

এদিন চন্দ্রিমা ভট্টাচার্য জানান, সভায় ৮০ শতাংশ প্রাক্তন পৌরপ্রতিনিধি উপস্থিত ছিলেন। তিনি স্পষ্ট করেন যে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই শহিদ তর্পণ করা হবে। চন্দ্রিমা বলেন, “অন্যায়ভাবে কেউ ঘাড় ধরা থাকলে আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাব। সেদিন মানুষ দেখবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কী ভাবে শহিদ তর্পণ করে।”

নব তৃণমূল নেতা আখরুজ্জামান দাবি করেন, শহিদ পরিবারের সিংহভাগ সদস্য তাঁদের মঞ্চেই থাকবেন। পাশাপাশি, মনীশ গুপ্তকে নিয়ে করা এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, গুলির ঘটনার সঙ্গে জড়িত থাকা সত্ত্বেও যাঁকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছিল, তা নিয়ে মানুষের মনে প্রশ্ন রয়েছে। তিনি আরও দাবি করেন, কে আসল ‘বি টিম’ তা মানুষ অদূর ভবিষ্যতে পরিষ্কার বুঝতে পারবেন।

অন্যান্য নেতাদের মধ্যে স্নেহাশিষ চক্রবর্তী জানান, কোনো সেলিব্রিটি নয়, বরং শহিদ পরিবারের ইচ্ছানুসারেই এই সমাবেশের আয়োজন করা হয়েছে এবং এর জন্য গান্ধি মূর্তির সামনে অনুমতির বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *