রেলের খাবারে বাসি পাউরুটি, ক্যাটারিং সংস্থাকে ১ লক্ষ টাকা জরিমানা

রেলের খাবারে বাসি পাউরুটি, ক্যাটারিং সংস্থাকে ১ লক্ষ টাকা জরিমানা

শতাব্দী এক্সপ্রেসে যাত্রীদের সকালের খাবারে মেয়াদ উত্তীর্ণ পাউরুটি দেওয়ার অভিযোগ উঠল। নয়াদিল্লি-রানি কমলাপতি শতাব্দী এক্সপ্রেসের সি-৪ কোচের ৭৪ জন যাত্রীকে গত ১১ জুলাই প্রাতঃরাশে যে পাউরুটি দেওয়া হয়েছিল, তার মেয়াদ ১০ জুলাই শেষ হয়ে গিয়েছিল। ঘটনাটি জানাজানি হতেই যাত্রীদের মধ্যে ফুড পয়জনিংয়ের আশঙ্কা ও তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই ঘটনায় কড়া পদক্ষেপ করেছে ভারতীয় রেল ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)। তদন্তে গাফিলতির প্রমাণ মেলায় সংশ্লিষ্ট ক্যাটারিং সংস্থাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি, দায়িত্বপ্রাপ্ত ক্যাটারিং ম্যানেজার-সহ সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্ব থেকে সরিয়ে (ডি-রস্টার) দেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষ এই ঘটনার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে এবং ভবিষ্যতে খাদ্যের গুণমান পরীক্ষার ওপর বিশেষ নজর দেওয়ার আশ্বাস দিয়েছে। রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনে খাবারের মান নিয়ে ফের ওঠা এই অভিযোগ যাত্রী সুরক্ষার বিষয়টিকেই প্রশ্নের মুখে দাঁড় করালো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *