আশাকর্মীর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর ও খুনের হুমকি! গ্রেফতার বিজেপির মণ্ডল সহ-সভাপতি

আশাকর্মীর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর ও খুনের হুমকি! গ্রেফতার বিজেপির মণ্ডল সহ-সভাপতি

পূর্ব বর্ধমান: এক আশাকর্মীর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন জামালপুরের বিজেপি নেতা শান্তনু মণ্ডল (সুশান্ত)। ধৃত বিজেপি নেতা জামালপুর-১ নম্বর মণ্ডলের সহ-সভাপতি হিসেবে পরিচিত। মঙ্গলবার বর্ধমান আদালতের বিচারক ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

কী ঘটেছিল? পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর থানার হিরণ্যগ্রামের বাসিন্দা ওই আশাকর্মীর সাথে জমি নিয়ে বসন্ত পাঁজা নামে এক ব্যক্তির বিবাদ ছিল। গত ১৮ মে বসন্ত পাঁজার নেতৃত্বে বেশ কয়েকজন শাবল, রড ও লাঠি নিয়ে ওই আশাকর্মীর বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়। অভিযোগ, বাড়িতে একা থাকা ওই গৃহবধূকে মারধর করা হয় এবং তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ঘটনার পর থেকেই আতঙ্কে দিন কাটছে নির্যাতিতার। গত ১৯ মে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশের পদক্ষেপ ও অভিযুক্তের অতীত: তদন্তে নেমে সোমবার রাতে জামালপুরের হালাড়া মোড় এলাকা থেকে পুলিশ অভিযুক্ত সুশান্তকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃত সুশান্তের বিরুদ্ধে অতীতেও একাধিক মামলা রয়েছে। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় বোমাবাজির ঘটনা ও বিদ্যুৎ চুরির মামলায় তাঁর নাম জড়িয়েছিল। তবে মূল অভিযুক্ত বসন্ত পাঁজা সহ অন্যরা এখনও পলাতক, তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পাল্টা অভিযোগ: অন্যদিকে, অভিযুক্তের পরিবারের দাবি, এটি সম্পূর্ণ পারিবারিক জমি বিবাদের ঘটনা। একে রাজনৈতিক রং দিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে বলে তাদের অভিযোগ। বসন্ত পাঁজা নিজেও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

তবে এই ঘটনা নিয়ে জামালপুরের বিধায়ক অরুণ হালদার স্পষ্ট জানিয়েছেন, “আইনের ঊর্ধ্বে কেউ নেই। অন্যায় করলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *