একুশে জুলাইয়ে অনুব্রতর বাজি! বীরভূম থেকে নিয়ে যাচ্ছেন ৩০ হাজার লোক

বীরভূম: রাজনৈতিক প্রেক্ষাপটে ফের বড়সড় চমক দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। গরুপাচার কাণ্ডে তিহার জেলে দীর্ঘ সময় কাটানোর পর ফিরে এসে এখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল স্রোত ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ‘আসল’ তৃণমূলে নাম লিখিয়েছেন। আর এই নতুন শিবিরে যোগ দিয়েই সামনে থাকা একুশে জুলাইয়ের শহিদ দিবস নিয়ে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি।
কী বললেন অনুব্রত? সামনেই একুশে জুলাই। এই শহিদ দিবস উপলক্ষে এবার তৃণমূলের দুটি ভিন্ন শিবিরের পক্ষ থেকে আলাদাভাবে প্রস্তুতির ডাক দেওয়া হয়েছে। ঋতব্রত শিবিরের হয়ে বীরভূম থেকে ২৫ থেকে ৩০ হাজার কর্মী কলকাতায় নিয়ে যাওয়ার জোরালো দাবি করেছেন অনুব্রত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ জানান, “একুশে জুলাই বীরভূম থেকে লোকজন যাবে। ১০০ বার যাবে। ২৫ থেকে ৩০ হাজার লোক যাবে।”
রাজনৈতিক সমীকরণ: জেল থেকে ফেরার পর মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে পুরনো জেলা সভাপতির দায়িত্ব ফিরিয়ে দেননি। উল্টে জেলা পরিচালনার জন্য তৈরি করা হয় কোর কমিটি। এতদিন সংগঠনের মূল কেন্দ্র থেকে একপ্রকার ব্রাত্যই ছিলেন তিনি। কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে নাম লেখানোর পরই তিনি ফের পুরনো মেজাজে এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হয়ে উঠেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
এবারের একুশে জুলাই তৃণমূলের দুই শিবিরের লড়াইয়ে অনুব্রতর এই লোক সমাগমের ডাক কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।