আপনারও কি অভাব-অভিযোগ রয়েছে? শুভেন্দুর ‘জনতার দরবার’-এর টোকেন পাবেন কীভাবে, জানুন
July 16, 202610:25 am

সাধারণ মানুষের অভাব-অভিযোগ সরাসরি শুনতে সল্টলেকের বিজেপি পার্টি অফিসে নিয়মিত বসছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবার’। দীর্ঘদিন ধরে আটকে থাকা সমস্যা বা অভিযোগের দ্রুত সমাধান পেতেই এই উদ্যোগ। তবে অনেকেই সঠিক পদ্ধতি না জানায় বিভ্রান্ত হচ্ছেন। অনলাইনে আবেদনের খোঁজ করে সময় নষ্ট করছেন অনেকেই। জেনে নিন, এই দরবারে পৌঁছানোর সঠিক গাইডলাইন।
আবেদনের সঠিক পদ্ধতি
- অনলাইনে আবেদন নয়: মনে রাখবেন, ‘জনতার দরবার’-এর জন্য অনলাইনে আবেদনের কোনো ব্যবস্থা নেই। পুরো প্রক্রিয়াটি সশরীরে উপস্থিত হয়ে সম্পন্ন করতে হবে।
- কোথায় ও কখন যাবেন: আবেদনকারীকে সরাসরি সল্টলেকের বিজেপি পার্টি অফিসে যেতে হবে। সোম থেকে শুক্রবার, অফিস চলাকালীন সময়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
- নির্দিষ্ট কাউন্টার ও নথিপত্র: অফিসে পৌঁছে ‘জনতার দরবার’-এর নির্দিষ্ট কাউন্টারে গিয়ে আপনার সমস্যার কথা বিস্তারিত জানান। দাবির সপক্ষে সমস্ত প্রয়োজনীয় প্রমাণ বা নথিপত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক।
- টোকেন সংগ্রহ: কাউন্টারের দায়িত্বপ্রাপ্তরা আপনার সমস্যাটি খতিয়ে দেখবেন। বিষয়টি গুরুত্বপূর্ণ মনে হলে আপনার নাম, মোবাইল নম্বর এবং সমস্যার বিবরণ নথিভুক্ত করা হবে। এরপর আপনাকে একটি টোকেন দেওয়া হবে। এর জন্য আপনার সচিত্র পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হতে পারে।
পরবর্তী ধাপ: ডাক পাবেন কীভাবে?
নাম নথিভুক্ত হওয়ার পর আপনার কাজ আপাতত শেষ। সাক্ষাতের দিনক্ষণ নির্ধারিত হলে বিজেপির পক্ষ থেকে আপনার দেওয়া মোবাইল নম্বরে ফোন করে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। সাধারণত, দরবার বসার ২-৩ দিন আগে এই ফোন করা হয়।
জরুরি সতর্কতা
- পরিচয়পত্র বাধ্যতামূলক: নির্ধারিত দিনে অবশ্যই নিজের পরিচয়পত্র এবং দলীয় কার্যালয় থেকে দেওয়া টোকেনটি সঙ্গে নিয়ে উপস্থিত থাকতে হবে।
- অযথা লাইন দেবেন না: ভোর থেকে লাইন দিয়ে এই দরবারে প্রবেশের কোনো সুযোগ নেই। টোকেন এবং ফোন কলের মাধ্যমেই কেবল সাক্ষাৎ সম্ভব।
- দালাল চক্র থেকে সাবধান: কোনো মধ্যস্থতাকারী বা অন্য কোনোভাবে এই দরবারে ঢোকা সম্ভব নয়। তাই গুজবে কান না দিয়ে সম্পূর্ণ সঠিক ও অফিশিয়াল পদ্ধতি অনুসরণ করুন।