‘বাংলা সহায়তা কেন্দ্র থেকেই অনুপ্রবেশকারীদের আধার-ভোটার কার্ড!’ বিস্ফোরক দিলীপ ঘোষ

কলকাতা: রাজ্যের ‘বাংলা সহায়তা কেন্দ্র’ বা BSK-গুলির কাজকর্ম নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, এই কেন্দ্রগুলি ব্যবহার করেই অনুপ্রবেশকারীদের জন্য ভোটার কার্ড, আধার কার্ড-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি নথি তৈরি করে দেওয়া হয়েছে।
কী অভিযোগ মন্ত্রীর? শুক্রবার কলকাতার ধনধান্যে অডিটোরিয়ামে কমন সার্ভিস সেন্টারের (CSC) ১৭তম বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ। সেখানেই তিনি অভিযোগ করেন যে, বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে বহু অনুপ্রবেশকারী সহজেই সরকারি পরিচয়পত্র পেয়ে গিয়েছে। এমনকি এদের মধ্যে কেউ কেউ দেশবিরোধী বা সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গেও যুক্ত।
‘বাদ পড়েছে ৯১ লক্ষ নাম’ অনুপ্রবেশ ইস্যুতে সরব হয়ে মন্ত্রী জানান, ইতিমধ্যেই রাজ্যের ভোটার তালিকা থেকে প্রায় ৯১ লক্ষ ভুয়ো নাম বাদ পড়েছে। তাঁর দাবি, এই ব্যক্তিরা এদেশের নাগরিক না হয়েও বিভিন্ন সরকারি সুবিধা ভোগ করছিল।
প্রকৃত উপভোক্তারা বঞ্চিত: দিলীপ ঘোষ অভিযোগ করেন, লক্ষ্মীর ভাণ্ডার, আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের (জব কার্ড) মতো সরকারি প্রকল্পগুলির সুবিধাও ভুয়ো নথির মাধ্যমে বেআইনিভাবে নেওয়া হচ্ছিল। এর ফলে রাজ্যের প্রকৃত গরিব মানুষরা তাঁদের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন।
দিলীপ ঘোষের দাবি: দীর্ঘদিন ধরে চলা এই ধরনের চরম অনিয়ম অবিলম্বে বন্ধ হওয়ার প্রয়োজন বলে জানান মন্ত্রী। তিনি দাবি করেন:
- বাংলা সহায়তা কেন্দ্রগুলির সমস্ত কাজকর্মের স্বচ্ছ তদন্ত করতে হবে।
- কেন্দ্রগুলিকে নতুন করে বাছাই করতে হবে।
- গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এই কেন্দ্রগুলিকে কমন সার্ভিস সেন্টারের (CSC) সঙ্গে যুক্ত করে নতুনভাবে চালু করতে হবে।