মহাকাশে নয়া ইতিহাস! সফল উৎক্ষেপণ ভারতের প্রথম বেসরকারি রকেট ‘বিক্রম-১’-এর

ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে জুড়ল আরও এক সোনালী অধ্যায়। শনিবার সকাল সাড়ে ১১টায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হলো ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেট ‘বিক্রম-১’ (Vikram 1)। মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO) সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের প্রথম লঞ্চ প্যাড থেকে ডানা মেলে এই রকেট, যা দেশের বেসরকারি মহাকাশ শিল্পের জন্য এক ঐতিহাসিক মাইলফলক।
মিশন ‘আগমন’-এর বিরাট সাফল্য হায়দরাবাদ ভিত্তিক বেসরকারি মহাকাশ সংস্থা ‘স্কাইরুট অ্যারোস্পেস’ (Skyroot Aerospace)-এর তৈরি এই রকেটের মিশনটির নাম দেওয়া হয়েছিল ‘আগমন’। জানা গিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী রকেটটি সফলভাবে তার প্রতিটি ধাপ অতিক্রম করেছে। পাশাপাশি একাধিক ছোট উপগ্রহকে পৃথিবী থেকে প্রায় ৪৫০ কিলোমিটার উচ্চতায় ‘লো-আর্থ অরবিটে’ (Low-Earth Orbit) নিখুঁতভাবে স্থাপন করেছে এটি। গোটা প্রক্রিয়ার ওপর কড়া নজর রেখেছিলেন ইসরোর বিজ্ঞানীরা।
কেন বিশেষ এই ‘বিক্রম-১’? এটি একটি চার ধাপের রকেট। এর প্রথম তিন ধাপে ব্যবহার করা হয়েছে কঠিন জ্বালানি এবং চতুর্থ ধাপে রয়েছে তরল জ্বালানিচালিত ইঞ্জিন। এই তরল ইঞ্জিনের সবচেয়ে বড় সুবিধা হলো, প্রয়োজনে একে মাঝপথে পুনরায় চালু করা যায়। ফলে উপগ্রহকে নির্দিষ্ট কক্ষপথে আরও নিখুঁতভাবে বসানো সম্ভব হয়।
বেসরকারি মহাকাশ খাতে নতুন দিগন্ত ২০২০ সালে ভারত সরকার মহাকাশ খাতে বেসরকারি সংস্থাগুলিকে কাজ করার অনুমতি দেয়। ২০১৮ সালে ইসরোর প্রাক্তন দুই ইঞ্জিনিয়ার পবন কুমার চন্দানা এবং নাগা ভরত ডাকার হাত ধরে তৈরি হওয়া ‘স্কাইরুট’ এর আগে ২০২২ সালে ‘বিক্রম-এস’ নামে একটি সাব-অরবিটাল রকেট উৎক্ষেপণ করেছিল।
তবে সাব-অরবিটাল রকেট মহাকাশে গিয়ে ফের পৃথিবীতে ফিরে আসে। কিন্তু অরবিটাল রকেট দীর্ঘ সময় ধরে পৃথিবীর কক্ষপথে ঘুরতে পারে। ‘বিক্রম-১’-এর এই অরবিটাল মিশন সফল হওয়ায় আগামী দিনে ভারত থেকে আরও অনেক বেশি বাণিজ্যিক উপগ্রহ কম খরচে উৎক্ষেপণ করা সম্ভব হবে বলে আশাবাদী বিশেষজ্ঞ মহল।