সালমানের পর এবার টার্গেট আমির! ‘লাভ জিহাদ’ নিয়ে চরম হুঁশিয়ারি বিষ্ণোই গ্যাংয়ের

সলমান খানের পর এবার বিষ্ণোই গ্যাংয়ের (Bishnoi Gang) নিশানায় বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান (Aamir Khan)। ‘লাভ জিহাদ’-এর (Love Jihad) প্রচার চালানোর অভিযোগে অভিনেতাকে চরম পরিণতি ভোগ করার হুমকি দিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আরজু বিষ্ণোই।
কী বলা হয়েছে ভাইরাল অডিও ও পোস্টে? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ ও পোস্ট ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, এটি আরজু বিষ্ণোই এবং টাইসন বিষ্ণোইয়ের। সেখানে আমির খানকে সরাসরি নিশানা করে বলা হয়েছে, “আমির খানের মতো যাঁরা আমাদের দেশে ‘লাভ জিহাদ’-এর প্রচার করছেন, তাঁদের আমরা ছেড়ে কথা বলব না। স্টারডমের আড়ালে থাকা এই অহংকার আমরা চূর্ণ করব।” অভিনেতাকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলা হয়, যেখানেই পাওয়া যাবে, সেখানেই এমন শিক্ষা দেওয়া হবে যা তিনি সারাজীবন মনে রাখবেন। (যদিও এই পোস্ট বা অডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি)।
সনাতন ধর্মের পরিপন্থী কাজের অভিযোগ ভাইরাল ওই পোস্টে দাবি করা হয়েছে, এই ধরণের কাজ সনাতন ধর্ম এবং ভারতীয় সংস্কৃতির ঘোর পরিপন্থী। নিজস্ব স্টাইলে এর জবাব দেওয়ার কথাও বলা হয়েছে। পাশাপাশি, রাজস্থানের শ্রী গঙ্গানগরে এক তরুণীর ওপর হওয়া অত্যাচারের প্রসঙ্গ তুলেও অভিযুক্তদের আড়াল করার চেষ্টায় থাকা রাজনৈতিক নেতাদেরও কড়া সতর্কবার্তা দিয়েছে বিষ্ণোই গ্যাং।
‘লাভ জিহাদ’ নিয়ে কী বলেছিলেন আমির? সম্প্রতি নিজের বিরুদ্ধে ওঠা ‘লাভ জিহাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ তকমা নিয়ে মুখ খুলেছিলেন ৬১ বছর বয়সী অভিনেতা। তিনি স্পষ্ট জানান, তাঁর পরিবার অত্যন্ত উদার মানসিকতার।
- তাঁর দুই বোন এবং মেয়ের বিয়ে হয়েছে হিন্দু পরিবারে।
- কাজিন মনসুরের স্ত্রী খ্রিস্টান।
- আমির জানান, রিনা, কিরণ বা তাঁর বর্তমান স্ত্রী গৌরী— কারও ক্ষেত্রেই বিয়ের পর ধর্ম পরিবর্তনের কোনো ঘটনা ঘটেনি।
আমির স্পষ্ট করেছিলেন যে, তাঁদের সমস্ত বিয়ে আইনি প্রক্রিয়ায় (সিভিল ম্যারেজ) সম্পন্ন হয়েছে। ফলে এখানে ধর্মান্তরিত করার অভিযোগ একেবারেই ভিত্তিহীন।