‘মোদী সরকারের নীতিই অসত্য ও হিংসা!’ সোনমের ওপর বলপ্রয়োগ নিয়ে ফুঁসছেন রাহুল

অহিংস পথে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুকের উপর বলপ্রয়োগের ঘটনার তীব্র নিন্দা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই পদক্ষেপকে সম্পূর্ণ ‘ভুল’ আখ্যা দিয়ে সরাসরি মোদী সরকারকে নিশানা করেছেন তিনি।
নিজের এক্স (X) হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়ে কংগ্রেস সাংসদ রাহুল লেখেন, “অসত্য এবং হিংসাই হল মোদী সরকারের মূল নীতি।” দেশে ক্রমাগত প্রশ্নপত্র ফাঁস, শিক্ষার মাত্রাতিরিক্ত খরচ বৃদ্ধি এবং ছাত্র-ছাত্রীদের আত্মহত্যার মতো বিষয়গুলিকে দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন তিনি।
কেন্দ্রীয় সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে রাহুল আরও বলেন, “ভারতের ছাত্রসমাজ এবং যাঁরা তাঁদের ভালো চান, তাঁরা এই জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে সরব হবেনই। কোনও শক্তিই এই প্রতিবাদ রুখতে পারবে না।” সোনমের পাশে দাঁড়িয়ে রাহুলের এই কড়া বার্তা জাতীয় রাজনীতিতে প্রতিবাদের পারদ আরও চড়াল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।