‘আপনারা দলে ফিরুন, আমি ১ ঘণ্টায় ইস্তফা দেব!’ দলত্যাগীদের ওপেন চ্যালেঞ্জ অভিষেকের!

একুশে জুলাইয়ের আগে দলত্যাগী নেতাদের উদ্দেশ্যে বেনজির চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাঁরা তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দল ছেড়েছেন, তাঁদের উদ্দেশে অভিষেকের কড়া বার্তা— “আপনারা দলে ফিরে আসুন, আমি মাত্র ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দল ছেড়ে দেব।”
সম্প্রতি একাধিক নেতা-বিধায়ক অভিষেকের কর্মপদ্ধতির ওপর দোষ চাপিয়ে তৃণমূল ছেড়েছেন। শনিবার তাঁদের দিকেই তীব্র আক্রমণ শানান ডায়মন্ড হারবারের সাংসদ। দলত্যাগীদের ‘ভীতু’ বলে কটাক্ষ করে অভিষেক বলেন, কেন্দ্রীয় এজেন্সির নোটিস পেলেই যাঁরা ভয় পেয়ে মাথা নত করেন, তাঁরা আসলে লড়াই করতে জানেন না। তাঁকেও ইডি-সিবিআই একাধিকবার ডেকেছে, কিন্তু তিনি পালিয়ে যাননি। অভিষেকের দাবি, ইডি-সিবিআইয়ের হাত থেকে বাঁচতেই দলত্যাগীরা তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগের ‘স্ক্রিপ্ট’ আউড়েছেন।
দলের উত্থান-পতনের প্রসঙ্গ টেনে তিনি স্পষ্ট জানান, দলের হারের দায় যদি তাঁর হয়, তবে চব্বিশের লোকসভা নির্বাচনে ২৯টি আসন জেতার কৃতিত্বও তাঁরই প্রাপ্য।
এরপরই বিদ্রোহীদের উদ্দেশ্যে তাঁর মেগা চ্যালেঞ্জ, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আপনারা দলে ফিরে আসুন। আপনারা বিকেল ৩টেয় এলে, আমি ৪টের সময় পদ ছেড়ে দিচ্ছি। কিন্তু কেউ আসবে না, কারণ ওনাদের আসল উদ্দেশ্য তদন্তের হাত থেকে বাঁচা, দল করা নয়।” একুশের সমাবেশের ঠিক আগে অভিষেকের এই চাঁচাছোলা মন্তব্য রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।