‘তৃণমূল দিয়েছিল ২ লক্ষ, আমরা দেব ২৫ লক্ষ’, একুশে জুলাইয়ের ক্ষতিপূরণ নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর!

একুশে জুলাইয়ের ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের জন্য বিধানসভায় বড়সড় আর্থিক সাহায্যের কথা ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, নিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা এবং আহতদের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এর পাশাপাশি, এই ঘটনায় নতুন করে এফআইআর (FIR) দায়ের করার আইনি সুযোগও রাজ্য সরকার করে দেবে বলে তিনি জানিয়েছেন।
তৃণমূলকে কড়া আক্রমণ মুখ্যমন্ত্রীর বিধানসভায় দাঁড়িয়ে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। ক্ষতিপূরণের অঙ্কের তুলনা টেনে তিনি বিগত সরকারকে বিঁধে বলেন, “যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারের সঠিক ক্ষতিপূরণ পাওয়া উচিত এবং তাঁদের শহিদের মর্যাদা দেওয়া উচিত।”
তৃণমূল জমানার সমালোচনা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও বলেন, “আপনারা নিহতদের পরিবারকে মাত্র ২ লক্ষ টাকা এবং আহতদের ১৫ হাজার টাকা দিয়ে দায় সেরেছিলেন। অথচ এই ক্ষতিপূরণের অঙ্ক ২৫ লক্ষ এবং ৫ লক্ষ টাকা হওয়া উচিত ছিল। আমরা সেটাই দেব।” মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে।