কলকাতার রাস্তায় ৫০টি নতুন এসি বাস! চালকদের সমান বেতন কন্ডাক্টরদেরও, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য পরিবহণ ব্যবস্থায় বড়সড় বদল! দীর্ঘদিন ধরে কলকাতার রাস্তায় সরকারি বাসের আকাল নিয়ে যাত্রীদের অভিযোগ ছিল। এবার সেই সমস্যা সমাধানে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। গণপরিবহণকে আরও উন্নত ও আরামদায়ক করতে মঙ্গলবার কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার জন্য ৫০টি নতুন শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই নতুন বহরে থাকছে ৪৩টি এসি সিএনজি বাস এবং ৭টি ১২ মিটার লম্বা ইলেকট্রিক বাস। এই বাসগুলি কিনতে রাজ্য সরকারের মোট খরচ হয়েছে ৪২.২২ কোটি টাকা। যার মধ্যে ইলেকট্রিক বাসগুলির জন্য ৮.১৭ কোটি এবং সিএনজি বাসগুলির জন্য ৩৪.০৫ কোটি টাকা ব্যয় হয়েছে। আগামী দিনে কলকাতা ও সংলগ্ন এলাকার মোট ২৪টি রুটে এই বাসগুলি চলাচল করবে, যা নিত্যযাত্রীদের জন্য বিরাট স্বস্তির খবর।
ক্ষমতায় আসার পর থেকেই সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিতে জোর দিয়েছে নতুন বিজেপি সরকার। আশাকর্মী থেকে অঙ্গনওয়াড়ি— সবার পারিশ্রমিকই বাড়ানো হয়েছে। এবার সেই তালিকায় জুড়ল সরকারি বাসের কন্ডাক্টরদের নামও। দীর্ঘদিন ধরে কন্ডাক্টরদের অভিযোগ ছিল বেতনের বৈষম্য নিয়ে। এবার সেই সমস্যার স্থায়ী সমাধান করল রাজ্য।
বাস উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কন্ডাক্টরদের জন্য এক ঐতিহাসিক ঘোষণা করেন। তিনি স্পষ্ট জানান, এবার থেকে সরকারি বাসের চালক ও কন্ডাক্টররা সমান বেতন পাবেন। পূর্বতন সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, “আগের সরকারের আমলে থার্ড পার্টি কন্ট্রাক্টরের মাধ্যমে নিয়োগ করা হতো। ২০২৫ সালে চালকদের বেতন বাড়ানো হলেও, কন্ডাক্টরদের ক্ষেত্রে তা করা হয়নি। আমরা এই বৈষম্যের অবসান ঘটাচ্ছি। আগামী অগাস্ট মাস থেকেই চালকদের সমান বেতন পাবেন কন্ডাক্টররাও।”
রাজ্য সরকারের এই জোড়া পদক্ষেপে একদিকে যেমন নিত্যযাত্রীদের যাতায়াতের সুবিধা বাড়বে, তেমনই পরিবহণ কর্মীদের মুখেও হাসি ফুটল।