পুজোর আগেই পুলিশে ২০ হাজার নিয়োগ! নারী নিরাপত্তায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে পুলিশ কর্মী নিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় পুলিশ বাজেটের জবাবি ভাষণে তিনি জানান, আগামী দুর্গা পুজোর আগেই কলকাতা ও রাজ্য পুলিশে মোট ১৬ হাজার কনস্টেবল পদে নিয়োগ করা হবে। সবমিলিয়ে রাজ্যজুড়ে প্রায় ২০ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি। সেইসঙ্গে প্রচুর মহিলা পুলিশ নিয়োগের কথাও ঘোষণা করা হয়েছে।
বিধানসভায় পূর্বতন সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে পুলিশ দফতরে কোনো সঠিক নিয়োগ হয়নি এবং পরিকাঠামোর চরম অবনতি ঘটেছে। সরকার বদলের পর পুলিশ বাহিনীকে আরও আধুনিক ও ‘স্মার্ট’ করে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি, পুলিশের বিরুদ্ধে ওঠা ঘুষ নেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে এবং দ্রুত ব্যবস্থা নিতে একটি বিশেষ কন্ট্রোল রুম ও হেল্পলাইন চালু করার কথাও জানান তিনি।
এদিন নারী সুরক্ষা ও নিগ্রহ রোধে পুলিশকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, “মহিলা বা কন্যাদের সুরক্ষার ক্ষেত্রে কোনো নির্দেশ বা অনুমতির জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। পুলিশ নিজের মতো করে ব্যবস্থা নেবে, মুখ্যমন্ত্রী নিজেই তাদের ঢাল হিসেবে রক্ষা করবেন।”