‘কাশ্মীর ভুলে আগে ঘর সামলাও!’ রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তানকে কড়া ভাষায় তুলোধনা ভারতের

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে (UNSC) ফের একবার পাকিস্তানকে কঠোর ভাষায় আক্রমণ শানাল ভারত। নিউইয়র্কে আয়োজিত এক উচ্চপর্যায়ের বিতর্কে অংশ নিয়ে পাকিস্তানের প্রতিনিধিকে তীব্র ভাষায় আক্রমণ করেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতনেনি হরিশ। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, পাকিস্তান দীর্ঘদিন ধরে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে তাদের রাষ্ট্রীয় নীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে।
বৈঠকে জম্মু ও কাশ্মীর সংক্রান্ত পুরোনো ও মিথ্যা বয়ান তোলার চেষ্টা করলে তার তীব্র জবাব দেয় ভারত। ভারতীয় দূত সাফ জানিয়ে দেন, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। একমাত্র অমীমাংসিত বিষয় হলো বেআইনিভাবে ভারতীয় ভূখণ্ডে পাকিস্তানের দখলদারি। এছাড়া সিন্ধু জলচুক্তি প্রসঙ্গে পাকিস্তানকে সতর্ক করে হরিশ বলেন, নিয়মিত সন্ত্রাসবাদ টিকিয়ে রেখে পারস্পরিক সহযোগিতা আশা করা যায় না। পরিশেষে পাকিস্তানের প্রতি কড়া বার্তা দিয়ে তিনি বলেন, অন্যের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলিয়ে আগে তাদের নিজেদের গুরুতর ঘরোয়া সমস্যাগুলোর সমাধান করা উচিত।