রক্ষাকবচ পেলেন না অভিষেক, ‘শুভেন্দুর সঙ্গে তুলনা করবেন না’, কড়া বার্তা হাইকোর্টের

রাজ্যজুড়ে দায়ের হওয়া একাধিক এফআইআর-এর মামলায় আপাতত আইনি সুরক্ষা বা রক্ষাকবচ পেলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ তাঁর এই নতুন আর্জি আপাতত মঞ্জুর করেনি। বৃহস্পতিবার শুনানিতে রাজ্য সরকার আদালতকে জানায় যে, অভিষেকের বিরুদ্ধে বর্তমানে মোট আটটি এফআইআর রয়েছে।
অভিষেকের আইনজীবী কপিল সিব্বল এই মামলাগুলির ক্ষেত্রে সাময়িক রক্ষাকবচের আবেদন জানিয়ে অতীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মামলার প্রসঙ্গ টেনেছিলেন। তিনি জানান, শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে হলে আদালতের অনুমতি নেওয়ার নির্দেশ ছিল। তবে আইনজীবী এই তুলনা টানতেই বিচারপতি তা তীব্রভাবে খারিজ করে স্পষ্ট নির্দেশ দেন যে, শুভেন্দু অধিকারীর সঙ্গে এই মামলার যেন কোনো তুলনা না টানা হয়। আদালত সাফ জানিয়ে দিয়েছে, আগামী বৃহস্পতিবার সমস্ত মামলার একসঙ্গে শুনানি হবে এবং সেদিনই রক্ষাকবচ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।