হাইকোর্টের নির্দেশ অমান্য! ২১-এর সভা ঘিরে লালবাজারে আদালত অবমাননার মামলা

হাইকোর্টের নির্দেশ অমান্য! ২১-এর সভা ঘিরে লালবাজারে আদালত অবমাননার মামলা

কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশিকা লঙ্ঘন করে রাস্তা বন্ধ করে সভা করার অভিযোগে তোলপাড় লালবাজার। বিড়লা তারামণ্ডলের কাছে ক্যাথিড্রাল রোডের মাত্র এক দিকের লেনে সভা করার অনুমতি থাকলেও, সেই শর্ত অমান্য করার গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার মামলা রুজু করেছে কলকাতা পুলিশ।

লালবাজার সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, সভার প্রধান উদ্যোক্তা ও আহ্বায়কদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এই মামলা দায়ের করা হয়েছে। পুলিশের মূল অভিযোগ, হাইকোর্টের নির্দেশ অমান্য করে ক্যাথিড্রাল রোডের দুটি লেনই সম্পূর্ণ আটকে সভা করায় শহরে তীব্র যানজট সৃষ্টি হয় এবং যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। অথচ আদালতের নির্দেশ ছিল, সাধারণ মানুষের যাতায়াত ও যান চলাচল স্বাভাবিক রাখতে রাস্তার শুধুমাত্র এক দিক ব্যবহার করা হবে এবং অন্য লেনটি গাড়ি চলাচলের জন্য পুরোপুরি খোলা রাখতে হবে।

উল্লেখ্য, একুশে জুলাইয়ের সমাবেশকে কেন্দ্র করে শুরু থেকেই আইনি জটিলতা তৈরি হয়েছিল। প্রথমে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি চাওয়া হলেও পুলিশ তাতে আপত্তি জানায় এবং বিষয়টি কলকাতা হাইকোর্টে গড়ায়। আদালত সাফ জানিয়ে দেয়, ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করা যাবে না।

এরপর শুনানিকালে বিকল্প জায়গার প্রস্তাব করা হলে, হাইকোর্ট শর্ত সাপেক্ষে বিড়লা তারামণ্ডলের কাছে ক্যাথিড্রাল রোডের নির্দিষ্ট এক লেনে সভা করার অনুমতি দিয়েছিল। কিন্তু আয়োজকরা সেই নির্দেশিকা লঙ্ঘন করায় পুলিশ প্রশাসন এই কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *