ভুয়ো সার্টিফিকেট রুখতে বড় পদক্ষেপ! জন্ম ও মৃত্যুর শংসাপত্র দেওয়ার অধিকারে বড় বদল রাজ্যে
July 23, 20265:48 pm

রাজ্যে জন্ম ও মৃত্যুর ভুয়ো শংসাপত্র (Birth and Death Certificate) ইস্যু করার রমরমা কারবার রুখতে নিয়মে বড়সড় বদল আনল রাজ্য সরকার। আর সাধারণ উপায়ে রাজ্যের পুরপ্রধান ও পঞ্চায়েত প্রধানরা এই শংসাপত্র ইস্যু করতে পারবেন না। জালিয়াতি ঠেকাতে এবং স্বচ্ছতা বজায় রাখতে বৃহস্পতিবার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ আগরওয়াল।
মুখ্যসচিবের সাফ নির্দেশ, বার্থ ও ডেথ সার্টিফিকেটের ক্ষেত্রে অনিয়ম বরদাস্ত করা হবে না এবং জেনে-বুঝে কেউ জালিয়াতি করে থাকলে তাঁকে রেয়াত করা হবে না। এসআইআর (SIR) প্রক্রিয়া চলাকালীন প্রচুর অনিয়ম কমিশনের নজরে আসার পরই এই কড়া পদক্ষেপ করা হয়েছে।
মুখ্যসচিবের বার্তার প্রধান দিকগুলি:
- নিয়মে বদল: জন্ম ও মৃত্যুর শংসাপত্র ইস্যু করার ক্ষেত্রে পুরপ্রধান ও পঞ্চায়েত প্রধানদের একচ্ছত্র অধিকারে বড় কাটছাঁট করা হয়েছে।
- যাচাই প্রক্রিয়া: সমস্ত তথ্য ডিজিটালি স্ক্যান করা হবে। চুক্তিভিত্তিক নয়, একমাত্র সরকারি আধিকারিকরাই এই নথি যাচাই করবেন।
- জেলায় জেলায় অভিযান: ইতিমধ্যেই বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ বিভিন্ন জেলায় এবং কলকাতায় পুলিশি ও প্রশাসনিক অভিযান শুরু হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানো হবে।
- অবৈধ সার্টিফিকেট বাতিল: ভুয়ো বা অবৈধ সার্টিফিকেট পুরোপুরি বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। মুখ্যসচিব স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজ্যে কোনো অবৈধ বিদেশি নাগরিককে থাকতে দেওয়া হবে না।