NEET আন্দোলনকারীকে গাঁজা কেসে ফাঁসানোর হুমকি! মুম্বই পুলিশের ভাইরাল ভিডিওয় তুঙ্গে বিতর্ক

NEET আন্দোলনকারীকে গাঁজা কেসে ফাঁসানোর হুমকি! মুম্বই পুলিশের ভাইরাল ভিডিওয় তুঙ্গে বিতর্ক

মুম্বই: দেশজুড়ে NEET পরীক্ষার বিরোধিতায় চলা আন্দোলন এবার এক নতুন বিতর্কের জন্ম দিল। রাজধানী দিল্লির গণ্ডি পেরিয়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে মুম্বইয়েও। আর তার মাঝেই প্রকাশ্যে এল এক চাঞ্চল্যকর ভিডিও, যেখানে এক আন্দোলনকারী ছাত্রকে মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিতে দেখা গেল এক পুলিশকর্মীকে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক সমালোচনা।

ভিডিওতে ঠিক কী দেখা গিয়েছে?

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যায়, পুলিশের গাড়িতে বসে রয়েছে কয়েকজন আন্দোলনকারী ছাত্র। ঠিক তখনই সামনে বসা এক পুলিশকর্মী তাদের চরম হুমকি দিয়ে বলেন, “আবার যদি আন্দোলনে দেখি, তাহলে তোদের পকেটে ৫০ গ্রাম গাঁজা ঢুকিয়ে দেব। এমন মামলা দেব যে জামিনও পাবি না, জেলেই পচতে হবে।” শুধু তাই নয়, পুলিশকর্মীকে ক্ষোভের সুরে আরও বলতে শোনা যায়, তোদের জন্যই তাদের এই ভোগান্তি হচ্ছে।

রাজনৈতিক মহলে শোরগোল ও পুলিশের পদক্ষেপ

ভিডিওটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। কংগ্রেস এবং বিরোধী দলগুলির এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে ভিডিওটি শেয়ার করে মুম্বই পুলিশের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তোলা হয়েছে।

বিতর্ক বাড়তেই নড়েচড়ে বসেছে প্রশাসন। মুম্বই পুলিশ সূত্রে জানানো হয়েছে, পুরো ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত পুলিশ কর্মীকে তাঁর বর্তমান দায়িত্ব বা পোস্টিং থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার আকবর পাঠান জানান, ঘটনার সত্যতা যাচাই করে সমস্ত তথ্য খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে ভাইরাল হওয়া ওই ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম।

প্রসঙ্গত, গত ২০ জুলাই সংসদ অভিমুখে মিছিলকে কেন্দ্র করে পুলিশের কড়া পদক্ষেপের পর থেকেই এই আন্দোলন মহারাষ্ট্র সহ দেশের বিভিন্ন প্রান্তে জোড়দার রূপ নিয়েছে। মুম্বইয়ের শিবাজি পার্ক, চেম্বুর এবং আজাদ ময়দানসহ একাধিক এলাকায় ছাত্রদের এই আন্দোলনে বহু মানুষ অংশ নিচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *