বামনগাছিতে পুলিশ ফাঁড়ি সরানোর গুঞ্জন ঘিরে রণক্ষেত্র স্টেশন রোড, সুরক্ষায় পথ অবরোধ স্থানীয়দের

উত্তর ২৪ পরগনার বামনগাছি থেকে পুলিশ ফাঁড়ি সরিয়ে নেওয়ার গুঞ্জন ছড়ানোর জল্পনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকায়। ফাঁড়ি স্থানান্তরের আশঙ্কায় ও নিরাপত্তার দাবিতে স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার সকালে বামুনগাছি স্টেশন রোড অবরোধ করে তুমুল বিক্ষোভে সামিল হন। স্টেশন রোডের পাশাপাশি পুলিশ ফাঁড়ির সামনেও বহু মহিলা অবস্থান বিক্ষোভে বসে ক্ষোভ উগরে দেন।
স্থানীয়দের উদ্বেগ ও দাবি: এলাকাবাসীর দাবি, ২০১৪ সালে সৌরভ চৌধুরী নামে এক প্রতিবাদী যুবকের নৃশংস হত্যাকাণ্ডের পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বামনগাছিতে এই পুলিশ ফাঁড়ি তৈরি করা হয়েছিল। এর ফলে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই নিয়ন্ত্রণে আসে এবং সাধারণ মানুষ বিশেষ করে মহিলারা নিজেদের নিরাপদ মনে করতেন। কিন্তু হঠাৎ এই ফাঁড়ি সরিয়ে নেওয়ার গুঞ্জন ছড়াতেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। তাদের আশঙ্কা, ফাঁড়ি সরে গেলে এলাকায় পুনরায় সমাজবিরোধীদের উপদ্রব বাড়বে এবং নিরাপত্তা বিঘ্নিত হবে। তাই ফাঁড়ি না সরানোর দাবিতে অনড় রয়েছেন তারা। স্থানীয় বাসিন্দা দেবাশিস সরকার জানান, সৌরভ চৌধুরীর হত্যাকাণ্ডের পরেই মানুষের দাবির মুখে এই ফাঁড়ি তৈরি হয়েছিল, যা এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখতে অত্যন্ত জরুরি।
প্রশাসনের বক্তব্য: বারাসাত পুলিশ জেলার এক শীর্ষ আধিকারিক স্পষ্ট করেছেন যে, ওই পুলিশ ক্যাম্পটি তুলে নেওয়া হচ্ছে না; তবে এটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার একটি পরিকল্পনা রয়েছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং ঊর্দ্ধতন কর্তৃপক্ষ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।