অভিষেকের বাবাকে পুরসভার নোটিশ ও তলব, অন্যদিকে ইডি দফতরে হাজিরা মদন মিত্রের স্ত্রীর

তৃণমূলের অন্দরে এবার জোড়া খবর ঘিরে শোরগোল। একদিকে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে কলকাতা পুরসভা, তেমনই অন্যদিকে পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিতে পৌঁছলেন মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র।
অভিষেকের বাড়ি নিয়ে পুরসভার কড়া পদক্ষেপ: কালীঘাট এলাকার দুটি বাড়ি নিয়ম মেনে তৈরি হয়েছিল কি না, তা এবার খতিয়ে দেখছে কলকাতা পুরসভা। মূল নকশার বাইরে গিয়ে সেখানে কোনো অতিরিক্ত নির্মাণ করা হয়েছে কি না, তা জানতে চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। শুক্রবারই তাঁকে আলিপুরে পুরসভার ৯ নম্বর বরো অফিসের বিল্ডিং বিভাগে বাড়ি সংক্রান্ত সমস্ত আসল নথিপত্রসহ হাজির হতে বলা হয়েছে। এর আগেই পুরকর্মীরা ওই এলাকায় গিয়ে বাড়ি মাপজোক করে আসেন এবং নোটিশ পাঠান।
ইডি-র মুখোমুখি মদন-পত্নী ও পরিবার: অন্যদিকে, পুরনিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার বেলা সাড়ে এগারোটা নাগাদ সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেন কামারহাটির বিধায়ক মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র। তাঁর সঙ্গে ছিলেন ছোট ছেলে শুভরূপ। এর আগে এই মামলায় মদনের দুই ছেলেও হাজিরা দিয়েছিলেন। টিটাগড় পুরসভায় টাকার বিনিময়ে চাকরি পাওয়ার অভিযোগে নাম জড়ানোর পর থেকেই মদন পরিবারের ওপর নজর বাড়িয়েছ কেন্দ্রীয় এজেন্সি। আগামী ২৯ জুলাই স্বয়ং মদন মিত্রকেও তলব করা হয়েছে। সব মিলিয়ে এই দুই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।