ছাত্র আন্দোলনের মাঝেই মোদী মন্ত্রিসভায় পদত্যাগ! সরে দাঁড়ালেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু

নিট (NEET) প্রশ্নফাঁস কাণ্ডে ছাত্র-যুবদের তীব্র আন্দোলনের জেরে যখন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জোরালো হচ্ছে, ঠিক সেই আবহেই পদত্যাগ করলেন মোদী মন্ত্রিসভার সদস্য তথা কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু (Ravneet Singh Bittu)। তাঁর পদত্যাগপত্র ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে।
গত ২১ জুন রাজ্যসভায় রভনীতের সাংসদ পদের মেয়াদ শেষ হয়েছিল। ২০২৪ সালের অগস্ট মাসে রাজস্থান থেকে বিজেপির রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ার পরই তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পান।
পদত্যাগের ঠিক একদিন আগে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে একটি চিঠি লিখেছিলেন তিনি। সেই চিঠিতে পাঞ্জাবের গুরুত্বপূর্ণ রেল প্রকল্পগুলির জট কাটাতে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপ দাবি করেছিলেন রভনীত।
রাজনৈতিক মহলের একাংশের ধারণা, আসন্ন পাঞ্জাব বিধানসভা নির্বাচনে বিজেপি একা লড়ার সিদ্ধান্ত নেওয়ায়, রভনীত সিং বিট্টুকে রাজ্য রাজনীতিতে আরও বড় দায়িত্ব দিয়ে সক্রিয় করতে চাইছে দল। ২০২২ সালের নির্বাচনে পাঞ্জাবে মাত্র দুটি আসনে জিতেছিল বিজেপি, তাই এই পদত্যাগের নেপথ্যে বড় রাজনৈতিক সমীকরণ রয়েছে বলেই মনে করা হচ্ছে।