ভুয়ো খবর ও গুজবের বাড়বাড়ন্ত রুখতে কড়া পদক্ষেপ! রাজ্যে চালু হচ্ছে ২৪x৭ সোশ্যাল মিডিয়া ‘ওয়ার রুম’

সোশ্যাল মিডিয়ায় অসত্য তথ্য ও ভুয়ো খবরের দৌরাত্ম্য রুখতে এবার অত্যন্ত কড়া পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ সরকার। অনলাইনে ছড়িয়ে পড়া নানা গুজব, বিভ্রান্তিকর তথ্য এবং অপপ্রচারের মোকাবিলা করতে এবার ২৪ ঘণ্টার একটি বিশেষ ‘ওয়ার রুম’ গঠন করা হয়েছে। তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
রাজ্য প্রশাসনের বক্তব্য, সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ডিজিটাল মাধ্যমে যে হারে ভুয়া খবর বা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, তা রাজ্যের আইনশৃঙ্খলা, বিভিন্ন সরকারি কাজকর্মে এবং সামগ্রিক ভাবমূর্তির উপর বড় প্রভাব ফেলছে। এই ধরনের পরিস্থিতি ঠেকাতেই এই বিশেষ ব্যবস্থা চালু করা হলো।
কীভাবে কাজ করবে এই ‘ওয়ার রুম’?
সূত্রের খবর, এই ওয়ার রুমের মাধ্যমে সংবাদপত্র, টেলিভিশন, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সমস্ত প্রধান সোশ্যাল মিডিয়া সাইটে প্রকাশিত বা প্রচারিত তথ্যের উপর টানা নজরদারি চালানো হবে। এর মূল লক্ষ্যগুলো হলো:
- সোশ্যাল মিডিয়ার কনটেন্টে তীক্ষ্ণ নজর রাখা এবং ভুয়ো বা বিভ্রান্তিকর তথ্য দ্রুত চিহ্নিত করা।
- জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দফতরের সঙ্গে যোগাযোগ রেখে দ্রুত সঠিক ও তথ্যভিত্তিক জবাব বা আপডেট প্রস্তুত করা।
- সরকারি মাধ্যমের সাহায্যে সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে কোনো ধরনের আতঙ্ক বা বিভ্রান্তি তৈরি হতে না দেওয়া।
- বিভিন্ন সংবাদমাধ্যম এবং ফ্যাক্ট-চেকিং সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে পরিস্থিতি সংক্রান্ত রিপোর্ট সরকারের কাছে জমা দেওয়া।
জানা গিয়েছে, তথ্য ও সংস্কৃতি দফতরের সচিবের সরাসরি নেতৃত্বে এই ওয়ার রুম পরিচালিত হবে। পাশাপাশি, স্বরাষ্ট্র দফতর, তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স দফতর, বিপর্যয় মোকাবিলা ও স্বাস্থ্য দফতর ছাড়াও পুলিশ এবং রাজ্য প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের শীর্ষ আধিকারিকরা এর সদস্য হিসেবে থাকবেন। সরকারের এই নতুন উদ্যোগের ফলে ভুয়ো খবরের দৌরাত্ম্য অনেকটাই কমবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।